ফের দুর্যোগের ভ্রুকুটি, প্রবল বৃষ্টির পূর্বাভাস
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
দক্ষিণবঙ্গে ফের সক্রিয় বজ্রগর্ভ মেঘ। ৮ সেপ্টেম্বর থেকে আগামী কয়েকদিন কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

৮ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ হুগলি, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সতর্কতা রয়েছে।

কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ৯ সেপ্টেম্বর হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। ১০ সেপ্টেম্বরও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

তবে ১১ সেপ্টেম্বর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজায় থাকবে। একইসঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

