ইমরানকে নিয়ে দুশ্চিন্তায় ক্রিকেট বিশ্ব
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইমরান খানকে নিয়ে দুশ্চিন্তায় ক্রিকেট বিশ্ব। তাঁর স্বাস্থ্য নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন একসময়ের সতীর্থ ওয়াসিম আক্রম, জাভেদ মিয়াদাদরা। তাঁদের বক্তব্য, আইন আইনের পথে চলুক। কিন্তু যাঁর হাত ধরে দেশ অতীতে বহু সম্মান অর্জন করেছে সেই বিশ্বকাপ জয়ী তারকা অধিনায়কের স্বাস্থ্য নিয়ে কোনোও আপস নয়।

২০২৩ সাল থেকে রাজনৈতিক কারণে পাকিস্তানের রাওয়ালপিন্ডি আদিয়ালা সংশোধনাগারে বন্দি রয়েছেন ৭৩ বছর বয়সী প্রাক্তন অলরাউন্ডার ইমরান খান নিয়াজি। খেলা থেকে অবসরের পর রাজনীতিতে এসে দেশের প্রধানমন্ত্রীও হন। তিনি ও তাঁর দল তেহরিক ই ইনসাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে মামলা চলছে। সেই থেকে একটানা বন্দিদশায় দিন কাটাচ্ছেন তিনি। তাঁর স্বাস্থ্য নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন তারকা সুনীল গাভাস্কার, কপিল দেব। উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারা। চলতি সময়ে প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইক আর্থারটনের কাছে একটি সাক্ষাৎকারে ইমরানের বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন তাঁর দুই পুত্র সুলেমান ও কাসেম। ইমরানের নেতৃত্বে বিশ্বকাপ জয়ী দলের ব্যাটসম্যান জাভেদ মিয়াদাদ তো উদ্বিগ্ন হয়ে চোখের জল পর্যন্ত ফেলেছেন। অন্যদিকে ইমরানের শরীর স্বাস্থ্য ঠিকই আছে বলে পাক সরকারের পক্ষ থেকে জানানো হলেও তাতে ভরসা রাখতে নারাজ প্রাক্তন বাম হাতি পেসার ওয়াসিম আক্রম। তিনি বলেন, যে কোনও শর্তে ইমরানকে বাইরে এনে তাঁর যথাযথ চিকিৎসার পাশাপাশি শরীরের যত্ন নিতে হবে। তিন বছর যাবৎ ইমরানের সঙ্গে কোনোও কথা হয়নি বলে দুঃখ প্রকাশ করেন তিনি। তবে ইমরানকে নিয়ে ক্রিকেটারদের মধ্যে ক্রমশ উদ্বেগ বাড়লেও পাকিস্তানের সার্বিক নীরবতা নিয়ে যথেষ্ট ব্যথিত আক্রম। দেশের একজন অত্যন্ত সম্মানীয় মানুষের এই অনাদর আদৌ পাওনা নয় বলে মনে করেন তিনি। ইমরানকে নিয়ে পাকিস্তান সরকার কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।

