সোমে সুপ্রিম কোর্ট অভিযানে ইন্ডি জোট: জারি ১৬৩ ধারা*

*সোমে সুপ্রিম কোর্ট অভিযানে ইন্ডি জোট: জারি ১৬৩ ধারা*

 

নবনীতা পাল: রঙ নিউজ

 

প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে সোমবার সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দিয়েছে ইন্ডি জোট। উদ্দেশ্য ছিল, ভোট চুরি, এসআইআর বন্ধ ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ নিয়ে প্রধান বিচারপতিকে মেমোরেন্ডাম দেওয়া। তবে প্রধান বিচারপতির অফিস থেকে রবিবার রাতেই ইমেলে জানিয়ে দেওয়া হল, বিরোধী নেতাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন না। প্রধান বিচারপতি দেখা না পেলেও সুপ্রিম অভিযান থেকে পিছু হটছে না ইন্ডি জোট।

 

জানা যাচ্ছে, সোমবার দুপুর ১টা ৩০ নাগাদ কনট প্লেস-বারাখাম্বা রোড সংযোগস্থলে সমবেত হবেন বিরোধী নেতারা। সেখানে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধীদের নেতৃত্বে শুরু হবে পদযাত্রা। ইন্ডিয়া গেট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই পদযাত্রার নাম দেওয়া হয়েছে ‘দিল্লি চলো- মার্চ ফর ডেমোক্রেসি’। প্রধান বিচারপতি দেখা না করলেও এই অভিযান হবে বলে জানানো হয়েছে বিরোধীদের তরফে। অভিযানের আগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এক ভিডিও বার্তা দিয়েছেন। যেখানে বলা হয়েছে, ‘এই অভিযানের উদ্দেশ্য প্রেম, ভ্রাতৃত্ব এবং দেশপ্রেম।’

 

এদিকে রাহুলদের অভিযানের আগে দিল্লিকে নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলেছে পুলিশ। সেন্ট্রাল দিল্লিতে কড়া নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে র‍্যাপিড অ্যাকশন ফোর্স ও সিআরপিএফ। সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে দিল্লির ৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। যেগুলি হয়, প্যাটেল চক, জনপথ, রাজীব চক, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, বারাখাম্বা রোড। পাশাপাশি বিরোধীদের মিছিল আটকাতে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ১৬৩ ধারা জারি করা হয়েছে দিল্লিতে।

 

উল্লেখ্য, ইন্ডিয়া জোটের নেতাদের সময় দিতে পারবেন না বলে গতকালই জানিয়েছেন প্রধান বিচারপতি। পাশাপাশি তিনি জানিয়েছেন, তাঁরা (ইন্ডি জোট) যে বিষয় উত্থাপন করার পরিকল্পনা করেছেন, সেগুলি ইতিমধ্যে বিচারাধীন এবং সুপ্রিম কোর্টে সেগুলির শুনানি চলছে। এছাড়াও প্রধান বিচারপতি জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদলের সঙ্গে প্রশাসনিক স্তরে এভাবে সাক্ষাৎ করার কোনও একতিয়ার আদালতের নেই। আদালতের কাজ হল মূলত আবেদন শোনা এবং রায় প্রদান করা। তিনি আরও বলেন, সর্বোচ্চ বিচার বিভাগীয় সংস্থা হিসেবে সুপ্রিম কোর্টের দরজা “সবার জন্য ২৪ ঘণ্টাই খোলা”। আদালত “প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *