নিম্নচাপের ভ্রুকুটি দুর্গাপুজোয়
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
দুর্গাপুজোয় দুঃসংবাদ শোনাল আবহাওয়া দপ্তর। দুর্গাপুজোয় ভ্রুকুটি শানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। এর জেরে বাঙালির সম্বৎসরের সবথেকে বড়ো উৎসব দুর্গাপুজোর ১৩ই অক্টোবর তৃতীয়া থেকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালাক্কা প্রণালীর ওপরে একটি জোরালো ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আগামী ২৪ ঘন্টায় তা আন্দামান সাগরে প্রবেশ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি করতে চলেছে গভীর নিম্নচাপ। এর ফলে ১৩ই অক্টোবর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা বাড়বে ১৫ই অক্টোবর পঞ্চমী থেকে। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সপ্তমী ও অষ্টমীতে উত্তর ও দক্ষিণ উভয় বঙ্গেই মাঝারি থেকে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে ওড়িশার দিকে গতিপথ নেয় তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে। তবে সেটি দক্ষিণ ভারতে সীমাবদ্ধ থাকলে বৃষ্টি কমবে। সবটাই নির্ভর করছে নিম্নচাপের গতিমুখের ওপর। পুজোয় মন্ডপে ঘোরার সময় দর্শনার্থীদের সঙ্গে ছাতা রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
