দুর্গাপুজোয় বিশেষ টয়ট্রেন পরিষেবা পাহাড়ে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
পর্যটকদের জন্য সুখবর। দুর্গাপুজোর ছুটিতে দার্জিলিং ভ্রমণে ভালো করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কার্শিয়াং থেকে মহানদী বিশেষ টয়ট্রেন পরিষেবা চালু করল দার্জিলিঙ হিমালয়ান রেলওয়ে। দার্জিলিঙ হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন কার্শিয়াং থেকে মহানদীর মধ্যে চলবে বাস্পচালিত ‘রেড পান্ডা’ ও ডিজেল চালিত ‘মুক্তধারা’ নামের দুটি বিশেষ টয়ট্রেন।
পাহাড়ের রাণী দার্জিলিঙের ঐতিহ্যবাহী টয়ট্রেন পরিষেবা চালু হয় ব্রিটিশদের হাতে। সময়টা ১৮৭৯ থেকে ১৮৮১ সালের মধ্যে। পরে সেটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি প্রাপ্ত ঐতিহ্যবাহী রেলপথের অন্তর্গত হয়। টয়ট্রেনে বসে পাকদন্ডী পথে পাহাড়ের গায়ে চা বাগান, পাইন গাছের সারি, পাহাড়ি ঝোরা, মেঘ রোদ্দুরের খেলা দেখতে দেখতে কার্শিয়াং, সোনাদা, ঘুম, বাতাসিয়া লুপ ঘুরে দার্জিলিঙ পৌঁছানোর পথে অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে গত রবিবার ১১ই অক্টোবর রেড পান্ডা ও মুক্তধারার আনুষ্ঠানিক উদ্বোধনী যাত্রা করান উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সহকারী জেনারেল ম্যানেজার রমেশ কুমার। প্রতিদিন পালা করে দুপুর ৩টে ১৫ মিনিটে কার্শিয়াং থেকে যাত্রা শুরু করে বিকাল ৪টে নাগাদ মহানদী পৌঁছে ফের ৫টায় কার্শিয়াং ফিরে আসবে টয়ট্রেন দুটি। দার্জিলিঙ হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ৠষভ চৌধুরি জানান, এই বিশেষ টয়ট্রেন পরিষেবার যাত্রাপথ ছোটো। কিন্তু এটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হবে। এতে পর্যটকদের আসা বাড়বে যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে স্থানীয় অর্থনীতিতে বলে আশাবাদী তিনি।
