আটা-সাটার বিরুদ্ধে লড়ছেন মণিকা
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়েও রাজস্থানের বুকে এখনো চলছে সামাজিক কুপ্রথা আটা সাটা। আর সেই আটা সাটার বিরুদ্ধেই লড়াই চালিয়ে যাচ্ছেন ৩৫ বছর বয়সী মণিকা যোধ। ইচ্ছার বিরুদ্ধে বারবার বিবাহ ভেঙে অন্ততঃ ৪ বার বাড়ি থেকে পালিয়েছেন মণিকা। বর্তমানে সম্ভালি ট্রাস্ট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত হয়ে নির্যাতিতা মেয়েদের পাশে দাঁড়িয়ে পড়াশোনা ও স্বনির্ভরতায় উৎসাহ দেওয়ার পাশাপাশি সচেতনতার প্রচার চালিয়ে আটা সাটার বিরুদ্ধে লড়াই করছেন তিনি।
সূত্রের খবর, মূলত পশ্চিম রাজস্থানের যোধপুর, বিকানির, জয়সলমির, বারমেরের মতো জায়গায় লুকিয়ে চুরিয়ে এখনো চলছে সামাজিক কুপ্রথা ‘আটা সাটা’ যেখানে নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জায়গায় বিবাহ হয় দুটি পরিবারের মধ্যে। বস্তুত কন্যা সন্তানকে এক প্রকার পণ্য হিসাবে দেখা রাজপুত পরিবারগুলি সাবালিকা হওয়ার অনেক আগেই মেয়ের বিবাহ দিয়ে দেয়। সূত্রের দাবি, ১৪ থেকে ১৯ বছর বয়সী মেয়ের সঙ্গে ৫০ থেকে ৬০ বছর বয়সী পুরুষের বিবাহ হওয়া সাধারণ বিষয়। আটা সাটা বিবাহের মধ্যে দিয়ে দুটি পরিবারে কন্যা অদলবদল হয় অর্থাৎ এক পরিবারের পুত্রের সঙ্গে অপর পরিবারের কন্যার বিবাহের পাশাপাশি অপর পরিবারের কন্যার বিবাহ হয় আগের পরিবারের পুত্রের সঙ্গে যা এক ধরনের কন্যা কেনাবেচা বলে মনে করেন নির্যাতিতারা। ফল হয় ভয়াবহ। এক মেয়ের কোনোও রকম সিদ্ধান্তের ফল ভুগতে হয় অন্য মেয়েকে। পুরুষরাই এখানে শেষ কথা। নির্যাতিতাদের কথায়, ‘লড়কা ঘর কা চিরাগ!’ তাদের অভিযোগ, অনেক সময় বিবাহের মধ্যস্থতাকারীরা ১০ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে নেয়। রাজস্থান হাইকোর্ট এই প্রথাকে ‘মিউচুয়াল হোস্টেজ টেকিং’ বলে অভিহিত করেছে। আটা সাটার বিরুদ্ধে অনেক দিন ধরে লড়াই চালিয়ে আসছে গোবিন্দ সিং রাঠোরের সম্ভালি ট্রাস্ট। জানা গিয়েছে, সম্প্রতি ১৪ জন নির্যাতিতাকে আশ্রয় দেওয়ার সঙ্গে ৯৫৬টি ক্ষেত্রে মেয়েদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি ১৮৮টি মামলার নিষ্পত্তি করেছে সম্ভালি ট্রাস্ট। ফলে যেখানেই আটা সাটার নির্যাতনের খবর সেখানেই প্রশাসনকে জানিয়ে হাজির হয়ে যাচ্ছেন বোর্ডের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করা রাজস্থান সরকারের দেওয়া ‘গার্গী পুরস্কার’ পাওয়া মণিকা। মেয়েদের উদ্ধার করে নিয়ে আসছেন সংগঠনে। পড়াশোনা করে, রোজগারের পথ খুঁজে নিজের পায়ে দাঁড়াতে পথ দেখাচ্ছেন তিনি।

