পাঠকের দরবারে ব্যতিক্রমী সাহিত্যসভা
ডঃ রাজশ্রী বন্দ্যোপাধ্যায় , রঙ নিউজ
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: পাঠক ও লেখকের মধ্যে নিবিড় সংযোগ স্থাপন এবং সাহিত্যচর্চাকে এক নতুন মাত্রা দেওয়ার লক্ষ্যে দুর্গাপুরে অনুষ্ঠিত হল ‘পাঠকের দরবারে ২০২৬’। গত ১৫ নভেম্বর, সিটি সেন্টারের সৃজনী বিপিনচন্দ্র পাল সভাগৃহে এই ব্যতিক্রমী সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুরের সাহিত্যপ্রেমী সংগঠন ‘অক্ষরের আড্ডা’।

প্রচলিত সাহিত্যসভা বা কবি-লেখকদের সম্মেলনের বাইরে গিয়ে পাঠককে অনুষ্ঠানের কেন্দ্রে নিয়ে আসাই ছিল এই আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য। কবি ও গল্পকারেরা তাঁদের নির্বাচিত সাহিত্যকর্ম নিয়ে উপস্থিত হন পাঠকের দরবারে। পাঠকেরা সেই রচনাগুলি পাঠ করে নিজস্ব উপলব্ধি, বিশ্লেষণ ও মূল্যায়ন তুলে ধরেন। পরবর্তী পর্যায়ে নির্ধারিত আলোচকেরা পাঠকদের মতামত, প্রশ্ন ও সাহিত্যিক পর্যবেক্ষণগুলিকে একত্রিত করে কবিতা ও গল্পের সামগ্রিক তাৎপর্য বিশ্লেষণ করেন। ফলে লেখকের সৃষ্টিকর্ম, পাঠকের অনুভব এবং সমালোচনামূলক আলোচনার মধ্যে তৈরি হয় এক কার্যকর সংযোগ।

অনুষ্ঠানটি দুটি পর্যায়ে বিন্যস্ত ছিল। প্রথম পর্যায়ে কবি হিসেবে উপস্থিত ছিলেন অজিত ভট্ট ও শতাব্দী চক্রবর্তী। গল্পকার হিসেবে অংশগ্রহণ করেন দেবাশিস দত্ত। কবিতা বিষয়ক আলোচনায় ছিলেন রামানুজ মুখোপাধ্যায় এবং গল্পের আলোচনায় ছিলেন রাজশ্রী বন্দ্যোপাধ্যায়।
দ্বিতীয় পর্যায়ে আমন্ত্রিত কবি হিসেবে উপস্থিত ছিলেন অম্বরিশ ঘোষ, অমিত ও অরিজিৎ ভট্টাচার্য। গল্পকার হিসেবে ছিলেন সুচন্দন রায়। এই পর্যায়েও কবিতার আলোচনার দায়িত্বে ছিলেন রামানুজ মুখোপাধ্যায়ঞ এবং গল্পের আলোচনায় ছিলেন রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। দুই পর্যায়েই পাঠকের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটির মূল আকর্ষণ হয়ে ওঠে। পাশাপাশি পাঠক পুরস্কার প্রদান করা হয় অরিন্দম সামন্তকে।

অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ছিলেন ডাঃ শুভাশিস চ্যাটার্জি। সভাপতি সুকোমল ঘোষ, সহ-সভাপতি সীমন্তী সিনহা, সম্পাদক মণিশঙ্কর এবং কোষাধ্যক্ষ অতনু রায়-সহ সংগঠনের অন্যান্য সদস্য ও কর্মীরা এই আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক সমরজিৎ সিংহ। বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি—উভয় ভাষার সাহিত্যচর্চায় কবিতা ও গদ্যসাহিত্যে তাঁর স্বচ্ছন্দ বিচরণ। ‘কৃত্তিবাস’, ‘ত্রিপুরা চে’ ও ‘এবাকা’র মতো পত্রিকার সঙ্গে তাঁর সম্পৃক্ততা এবং সম্পাদনার কাজ সাহিত্যজগতে তাঁর বিশেষ পরিচিতি বহন করে।

এই আয়োজনের আর একটি উল্লেখযোগ্য দিক ছিল বিভিন্ন প্রজন্মের সাহিত্যিক, পাঠক ও সাহিত্য অনুরাগীদের সম্মেলন। নতুন পরিচয়, পারস্পরিক ভাববিনিময় এবং সাহিত্যকে ঘিরে প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি একটি বৃহত্তর সাহিত্যিক মিলনক্ষেত্রের রূপ পায়।
বর্তমান সময়ে যেখানে সাহিত্যচর্চার অধিকাংশ পরিসরেই লেখক ও পাঠকের মধ্যে প্রত্যক্ষ সংযোগের সুযোগ সীমিত, সেখানে ‘পাঠকের দরবারে’র মতো উদ্যোগ নিঃসন্দেহে একটি স্বতন্ত্র ভাবনার পরিচায়ক। এখানে পাঠক কেবল রচনার গ্রহীতা নন, বরং সাহিত্য মূল্যায়ন ও আলোচনার সক্রিয় অংশীদার। লেখকের সৃষ্টির সঙ্গে পাঠকের মননশীলতার এই সম্মিলন সাহিত্যচর্চার একটি সম্ভাবনাময় দৃষ্টান্ত তৈরি করেছে।
পাঠকের দরবারে’র বিশেষত্ব তার সর্ববাংলা সাহিত্যিক পরিসর ও ভাবনায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সাহিত্যপ্রেমী, কবি, লেখক ও সংগঠকদের সম্মিলিত উদ্যোগে এই আয়োজন সমগ্র বাংলা সাহিত্যজগতের এক মিলনক্ষেত্র হয়ে উঠেছে। হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জেলার মানুষের সক্রিয় অংশগ্রহণ এই উদ্যোগকে দিয়েছে বৃহত্তর সাংগঠনিক ও সাংস্কৃতিক মাত্রা। বাংলা সাহিত্যের পাঠক, লেখক ও সৃষ্টিশীল মানুষের মধ্যে এই সেতুবন্ধন আগামী দিনে আরও বিস্তৃত ও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশাই রইল।

