দেশভাগ স্মরণ দিবসের পথে রাজ্য
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
স্বাধীনতা দিবসের ঠিক আগে ১৩ ও ১৪ই অগস্ট রাজ্য জুড়ে ‘দেশভাগ স্মরণ দিবস’ পালন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই উপলক্ষে দেশভাগের চরম যন্ত্রণা, অগণিত উদ্বাস্তু মানুষের আত্মত্যাগ, কষ্ট ও ঘুরে দাঁড়ানোর ইতিহাসকে মর্যাদা ও গুরুত্ব দিয়ে দেখে রাজ্যের প্রতিটি জেলায় অনুষ্ঠান ও বিবিধ কর্মসূচির আয়োজন করতে সব জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডঃ সৌমিত্র মোহন।

তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৩ ও ১৪ই অগস্ট দেশভাগ স্মরণ দিবস পালন উপলক্ষে প্রতিটি জেলা সদরে মোমবাতি মিছিল করা হবে। স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি অংশ নিতে পারবেন সাধারণ মানুষ। দেশভাগের দগদগে ক্ষতের ইতিহাস, ভিটেমাটি হারানো মানুষের যন্ত্রণা ও ঘুরে দাঁড়ানোর কথা সকলের সামনে নিয়ে আসতে নথিপত্র ও ছবি সহ প্রদর্শনীর আয়োজন করবে জেলা প্রশাসন। এর জন্য প্রতিটি জেলাকে ৩০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
