H-1B-তে ফের বড় ফি-র প্রস্তাব
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
আমেরিকায় H-1B ভিসায় ফের বড় পরিবর্তনের প্রস্তাব। বিদেশি দক্ষ কর্মী নিয়োগের খরচ বাড়াতে ট্রাম্প প্রশাসন cap-subject H-1B petition-এর ক্ষেত্রে অতিরিক্ত ১ লক্ষ ৩ হাজার ২৬৫ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লক্ষ টাকা, ফি প্রস্তাব করেছে। এই অর্থ বর্তমান আবেদন-সংক্রান্ত অন্যান্য ফি-র অতিরিক্ত দিতে হবে।
প্রস্তাব কার্যকর হলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে প্রযুক্তি, সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং-সহ বিদেশি দক্ষ কর্মী-নির্ভর মার্কিন সংস্থাগুলির উপর। বর্তমানে বার্ষিক H-1B সীমায় ৬৫ হাজার ভিসা এবং মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট যোগ্যতা থাকা বিদেশি কর্মীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসার ব্যবস্থা রয়েছে। ভারতীয় পেশাদাররাও এই ভিসার অন্যতম বড় ব্যবহারকারী।
তবে এখনই এই ফি দিতে হবে না। ২৫ অগস্ট থেকে ৩০ দিনের জন্য প্রস্তাবটি নিয়ে জনমত নেওয়া হবে। মতামত পর্ব শেষ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনের দাবি, অতিরিক্ত অর্থ অভিবাসন ব্যবস্থার খরচ মেটানোর পাশাপাশি মার্কিন নাগরিকদের নিয়োগ ও প্রশিক্ষণে সংস্থাগুলিকে উৎসাহিত করবে।
এর আগে ২০২৫ সালে H-1B-এর ক্ষেত্রে ১ লক্ষ ডলারের ফি চালু হয়েছিল, যা নিয়ে আইনি লড়াই চলছে এবং ২১ সেপ্টেম্বর পর্যন্ত তা কার্যকর থাকার কথা, যদি মেয়াদ না বাড়ে। এবার পৃথক আইনি ক্ষমতার ভিত্তিতে ১ লক্ষ ৩ হাজার ২৬৫ ডলারের নতুন ফি প্রস্তাব করা হয়েছে। ফলে নতুন নিয়মটি এখনও চূড়ান্ত নয় এবং H-1B প্রার্থীদের ক্ষেত্রে আপাতত এই অতিরিক্ত ফি কার্যকর হয়নি।
