দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট, একাধিক জেলায় হলুদ সতর্কতা
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বদলের ইঙ্গিত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনায় একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতাতেও হতে পারে দু-এক পশলা বৃষ্টি। তবে বৃষ্টি না হলে উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে বৃষ্টির দাপট। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতার পাশাপাশি ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গেও দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি ও কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।
কলকাতায় আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার সর্বোচ্চ ৩২ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮.২ মিলিমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ থেকে ৯৬ শতাংশ।

আবহাওয়া দফতরের মতে, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার উপর দিয়ে দীঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা নেই। তবে বজ্রবিদ্যুতের সময় খোলা মাঠ, জলাশয় ও একলা গাছের নিচে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

