কালীপুজোয় বড়ো পর্দায় আসছে বামাক্ষ্যাপা

কালীপুজোয় বড়ো পর্দায় আসছে বামাক্ষ্যাপা

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। দীপান্বিতা কালীপুজোয় বড়ো পর্দায় মুক্তি পেতে চলেছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ও শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি প্রযোজিত তারাপীঠ ভৈরব সাধক বামাক্ষ্যাপার জীবন অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘সাধক বামাক্ষ্যাপা’। গত শুক্রবার কৌশিকী অমাবস্যায় ছবির পোস্টার উদ্বোধনী অনুষ্ঠান মারফত জানা গিয়েছে, ছবির মূল চরিত্রে অভিনয় করছেন ছোটো পর্দার পরিচিত মুখ সব্যসাচী চৌধুরী। মা তারার ভূমিকায় অভিনয় করছেন পায়েল দে। উল্লেখ্য আগে টিভির পর্দায় সাধক বামাক্ষ্যাপা সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় করে দর্শক মহলে যথেষ্ট সমাদর পান সব্যসাচী। সিরিয়ালে মা তারার ভূমিকায় অভিনয় করেন নবনীতা দাস। রামপ্রসাদ সিরিয়ালেও অভিনয় করে দর্শকদের যথেষ্ট সুখ্যাতি কুড়োন সব্যসাচী। নতুন ছবিটি বক্স অফিস হিট করবে বলে আশাবাদী পরিচালক।

অতীতে বাংলা ছবির জগতে মাইলফলক হিসাবে স্বীকৃত নারায়ণ ঘোষ পরিচালিত সাধক বামাক্ষ্যাপা ছবিতে অভিনয় করেন স্বনামধন্য অভিনেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায়। বামাক্ষ্যাপার পাশাপাশি রামপ্রসাদ, রামকৃষ্ণদেব, কমলাকান্ত, তৈলঙ্গস্বামীর মতো আধ্যাত্মিক চরিত্রের ভূমিকায় অভিনয় করে কিংবদন্তির পর্যায় পৌঁছে যান জনপ্রিয় অভিনেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায়। সব্যসাচী তাঁর ধারেকাছে পৌঁছাতে পারেন কিনা বা ছবিটি দর্শক মহলে কতটা বাহবা আদায় করে নিতে পারে সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *