তিস্তা বিপর্যস্তদের পাশে মুখ্যমন্ত্রী

তিস্তা বিপর্যস্তদের পাশে মুখ্যমন্ত্রী

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

কালচারাল কো-অর্ডিনেটর

রঙ নিউজ

২০২৩-এর অক্টোবরের তিস্তা বিপর্যয়ের পরও বহু ক্ষতিগ্রস্ত পরিবার আর্থিক সহায়তা থেকে বঞ্চিত বলে অভিযোগ। কেউ ভাড়া বাড়িতে, কেউ বা কার্যত অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। এর আগে কিছু পরিবারকে ৭৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হলেও, অনেকেই এখনও কোনও সাহায্য পাননি।

এবার সেই পরিবারগুলিকেই কালিম্পংয়ের প্রশাসনিক বৈঠকে ডেকে আর্থিক সহায়তা তুলে দেওয়ার উদ্যোগ রাজ্য সরকারের। সাহায্যের খবরে স্বস্তি ক্ষতিগ্রস্তদের।

কালিম্পংয়ের বৈঠক শেষে শিলিগুড়ির উত্তরকন্যায় উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। মালদা থেকে কোচবিহার—জেলাওয়াড়ি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, আটকে থাকা কাজ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রকল্পগুলির বর্তমান পরিস্থিতির রিপোর্ট খতিয়ে দেখা হবে। দার্জিলিং ও জলপাইগুড়ির জেলাশাসক-সহ আধিকারিকরা সরাসরি এবং অন্য জেলার আধিকারিকরা ভার্চুয়ালি যোগ দেবেন।

পাশাপাশি বন্যা, ধস ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় জেলা প্রশাসনের প্রস্তুতিও পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। বিশেষ নজরে থাকতে পারে মালদার গঙ্গাভাঙন ও ভূতনি, ডুয়ার্সের ভারী বৃষ্টি এবং নদী সংলগ্ন এলাকার পরিস্থিতি। বিপর্যয়ের সময় উদ্ধার ও ত্রাণকাজের প্রস্তুতি এবং পরিকাঠামোগত ঘাটতির বিষয়েও জেলা ধরে রিপোর্ট নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *