পুরুষোত্তমপুরে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার এক
দিব্যেন্দু দাস, এডিটর, রঙ নিউজ
পূর্ব মেদিনীপুর:
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও রামনগর থানার যৌথ বাহিনী। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রামনগর থানার অন্তর্গত পুরুষোত্তমপুর গ্রামে অভিযান চালানো হয়। সেই সময় ওড়িশার জলেশ্বর থেকে আসা একটি তিন-চাকার গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে ৪০টি প্যাকেটে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনায় নীর আশিফ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকদ্রব্য এবং সংশ্লিষ্ট গাড়িটি আইনানুগ প্রক্রিয়ায় হেফাজতে নেওয়া হয়েছে।

এই ঘটনায় রামনগর থানায় Case No. 383/26, dated 20.09.2026, এবং Section 20(b)(ii)(C) of the NDPS Act-এর অধীনে মামলা রুজু হয়েছে।
উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে—তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ। মাদক পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করারও চেষ্টা চলছে।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অবৈধ কারবার ও অপরাধ দমনে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

