ভবিষ্যৎ প্রজন্মের সামনে প্রশ্ন চিহ্ন
শাশ্বতী মোদক:Rong News
নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে না ক্রমশ পিছিয়ে যাচ্ছে তা নিয়ে রীতিমতো প্রশ্নের জন্ম দিয়ে গেলেন উত্তর চব্বিশ পরগনার শাকিল মন্ডল। নিজের জন্মদিনেই আত্মঘাতী হলেন তিনি। সূত্রের দাবি, বিকেল ৪টে নাগাদ তাঁর জন্মের সময়। মায়ের সঙ্গে ঝগড়া করে জন্মদিনের বিকেল ৪টেতে নিজেকে শেষ করে দিলেন সদ্য ১৮তে পা দেওয়া শাকিল মন্ডল নামের ওই তরুণ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার জিওলডাঙায়।
মৃত শাকিল মণ্ডলের ডাকনাম রাজা। রবিবার ছিল তাঁর জন্মদিন। ছুটির দিন সকালে বন্ধুদের সঙ্গে পাড়ার মাঠে ফুটবল খেলতে গিয়েছিলেন তিনি। বাড়ি ফিরতে বেশ বেলা হয়েছিল। তাই মা বকাবকি করেছিলেন। খাওয়াদাওয়া করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন রাজা। মা ভেবেছিলেন, শুয়ে পড়েছে ছেলে। বেশ খানিকক্ষণ পরে তিনি ছেলেকে ডাকাডাকি করেন। কিন্তু সাড়া মেলেনি। দরজায় ধাক্কা দেন মহিলা। তার পরেও দরজা খোলেননি রাজা।
ততক্ষণে বাড়ির অন্যেরা ডাকাডাকি শুরু করেন। তার পরেও রাজার সাড়া না মেলায় দরজা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যেরা। দ্রুত হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পাশ করার পর থেকে রোজগার করতে চেয়েছিলেন রাজা। বাড়ির অনিচ্ছা সত্ত্বেও আটুলিয়া স্কুলের পাশে একটি চায়ের দোকান খোলেন। বাবার কাপড়ের ব্যবসা রয়েছে। রাজার এক আত্মীয় বলেন, ‘‘রবিবার ১৮ বছরে পা দিয়েছিল ও। বিকেল ৪টে নাগাদ জন্ম হয়েছিল। সেই জন্মদিনে প্রায় একই সময়ে অঘটন ঘটাল।’’ রাজার দিদি সোনিয়া মণ্ডলও একই কথা বলেন। তিনি বলেন, ‘‘ভাই, এমন একটা কাজ করতে পারে, দুঃস্বপ্নেও ভাবিনি। যে দিন, যে সময়ে ওর জন্ম হয়েছিল, সেই সময়েই ওর এমন পরিণতি হল! বিশ্বাস হচ্ছে না।’’ এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
