হাইকোর্টে স্বস্তি মিলল না অভিষেক পোড়েলের
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাংলার ক্রিকেটার তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কিপার-ব্যাটার অভিষেক পোড়েলের জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি দ্রুত শুনানির আর্জি জানানো হলেও আদালত স্পষ্ট করে দিয়েছে, নিয়ম মেনেই জামিনের আবেদন করতে হবে। মামলাটি তালিকায় যে ক্রমে আসবে, সেই অনুযায়ীই শুনানি হবে; আগাম শুনানির জন্য মামলাটি ‘আপগ্রেড’ করা হবে না।
এক এমবিবিএস পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, প্রায় সাড়ে তিন বছর ধরে তাঁদের সম্পর্ক ছিল এবং বিয়ের কথাবার্তাও হয়েছিল। অভিযোগকারিণীর দাবি, জোর করে সহবাসের পাশাপাশি ব্যক্তিগত মুহূর্তের ছবি দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা হয়। দু’জনে একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
গত ২৩ জুন মগড়া থানায় অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন অভিষেক। তাঁর একাধিক ইলেকট্রনিক ডিভাইসও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে নিম্ন আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়। পরে হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন করা হলেও তা মঞ্জুর হল না। আদালতের বক্তব্য, দ্রুত জামিন প্রয়োজন হলে নিয়ম মেনেই জামিনের আবেদন করতে হবে।
