১০১ ঘন্টায় মণিপুর থেকে সোমালিয়ায় আলাং

১০১ ঘন্টায় মণিপুর থেকে সোমালিয়ায় আলাং

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

দীর্ঘ দূরত্ব অতিক্রমকারী পরিযায়ী পাখিদের অবিশ্বাস্য সহনশীলতা ও শারীরিক সক্ষমতা কতদূর হতে পারে তা হাতেনাতে প্রমাণ করে দিল মাত্র ১৫০ গ্রাম ওজনের একটি আমুর বাজপাখি আলাং। ১০১ ঘন্টা অর্থাৎ ৪ দিন ৫ ঘন্টা ধরে একটানা উড়ে দীর্ঘ ৫৭০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে উত্তর পূর্বাঞ্চলের মণিপুর থেকে সোমালিয়া পৌঁছে রেকর্ড গড়ে ফেলেছে সে।

 

আমুর বাজপাখির বৈজ্ঞানিক নাম ফ্যালকন আমুরেনসিস। এই ধরনের বাজপাখি শিকারি বাজ বলে খ্যাত। অবিশ্বাস্য শারীরিক সক্ষমতা ও ক্ষিপ্রতা এদের জন্মগত। প্রতি বছর পূর্ব রাশিয়া, উত্তর পূর্ব চীন, মঙ্গোলিয়ার প্রজনন ক্ষেত্র থেকে পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে শীতকালীন আবাসের উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দেয় তারা। পথে উত্তর পূর্ব ভারতের মণিপুর, নাগাল্যান্ডে বিশ্রাম ও প্রয়োজনীয় খাবার খেয়ে শক্তি সঞ্চয় করে ফের আকাশে ডানা মেলে আমুর ফ্যালকন। আমুর ফ্যালকন ট্র্যাকিং প্রজেক্টের অধীনে আলাংকে অত্যন্ত হালকা অথচ শক্তিশালী স্যাটেলাইট ট্রান্সমিটার পরিয়ে দিয়ে তার গতিবিধি, যাত্রাপথ ও উড়ানের সময়কাল পর্যবেক্ষণ করেন গবেষকরা। সেখানেই ধরা পড়ে এই তথ্য। গবেষকরা জানিয়েছেন, মণিপুর থেকে একটানা ১০১ ঘন্টা উড়ে, আরব সাগরের দীর্ঘ ও কঠিন পথ পেরিয়ে পূর্ব আফ্রিকার সোমালিয়ায় পৌঁছে গিয়েছে আলাং। তার পিছনেই রয়েছে আপাপাং নামের আরেকটি আমুর ফ্যালকন। সেও উড়ে চলেছে সোমালিয়ার দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *