৫ লক্ষের ক্যাশলেস চিকিৎসা, কীভাবে মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা?

৫ লক্ষের ক্যাশলেস চিকিৎসা, কীভাবে মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা?

 

রাজশ্রী বন্দ্যোপাধ্যায় কালচারাল

কো-অর্ডিনেটর

রঙ নিউজ

 

 

আয়ুষ্মান ভারতের আওতার বাইরে থাকা পরিবারগুলির জন্য ১৬ অগস্ট থেকে চালু হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। পরিবারপিছু বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসা মিলবে। প্রায় ১,৯৫০টি চিকিৎসা-প্যাকেজের আওতায় রয়েছে হাঁটু ও হিপ প্রতিস্থাপনের মতো চিকিৎসাও।

যোগ্য হতে হলে পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। WBHS, CGHS, ESI বা অন্য কোনও সরকারি স্বাস্থ্যবিমার আওতায় থাকলে এই সুবিধা মিলবে না। পরিবারের সদস্যসংখ্যার কোনও ঊর্ধ্বসীমা নেই—প্রত্যেক সদস্যের জন্য পৃথক বিনামূল্যের কার্ড দেওয়া হবে। তবে এটি সম্পূর্ণ ক্যাশলেস পরিষেবা; রিইম্বার্সমেন্টের সুযোগ নেই।

স্বাস্থ্যসাথীর তুলনায় বড় পার্থক্য হল, এই প্রকল্পের সুবিধা শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের অন্যান্য রাজ্যেও মিলবে। প্রায় ৩৮,৬০০টি তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসার সুযোগ রয়েছে। রাজ্যে ইতিমধ্যেই ১,৯৩০টি হাসপাতাল যুক্ত হয়েছে—৬২৭টি সরকারি ও ১,৩০৩টি বেসরকারি।

 

কার্ড পাবেন কীভাবে? আয়ুষ্মান ভারতের তালিকার বাইরে থাকা যোগ্য পরিবারগুলির ফিল্ড ভেরিফিকেশন হবে। স্বাস্থ্য দফতর ও স্টেট হেলথ এজেন্সির মাধ্যমে নির্ধারিত শিবির বা পোর্টালে আধারভিত্তিক যাচাই করে বিনামূল্যে কার্ড নেওয়া যাবে। চিকিৎসার সময় আধার ও কার্ড ব্যবহার বাধ্যতামূলক। জনকল্যাণ শিবিরে আবেদন করার পাশাপাশি ভবিষ্যতে অনলাইন আবেদন ব্যবস্থাও চালুর কথা জানানো হয়েছে।

অর্থাৎ, আয়ুষ্মানের আওতায় না থাকলেও নির্ধারিত শর্ত পূরণ করলে যাচাই ও নথিভুক্তির পর বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ মিলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *