নেহরুর মূর্তি উপড়ে ফেলায় উত্তেজনা দুর্গাপুরে

নেহরুর মূর্তি উপড়ে ফেলায় উত্তেজনা দুর্গাপুরে

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

জওহরলাল নেহরুর মূর্তি উপড়ে ফেলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। ঘটনার পরিপ্রেক্ষিতে শাসকদল বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে বড়োসড়ো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। যদিও কংগ্রেসের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেস ও তৃণমূলের গোষ্ঠীদন্দ্বকে দায়ী করেছে বিজেপি।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর পূর্বের স্থানীয় হর্ষবর্ধন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর একটি মূর্তি। গত শুক্রবার সকালে সেখানে রাখীবন্ধন অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। হাত শিবিরের অভিযোগ, অনুষ্ঠানের জন্য আরও বেশি জায়গার প্রয়োজনে স্থানীয় বিজেপি বিধায়কের নেতৃত্বে ক্রেন দিয়ে মূর্তিটি উপড়ে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, জওহরলাল নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী। তাঁর মূর্তি উপড়ে ফেলে অত্যন্ত ন্যক্কারজনক কাজ করেছে বিজেপি। এই অপমান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পুলিশ প্রশাসন চব্বিশ ঘণ্টার মধ্যে উপযুক্ত পদক্ষেপ না নিলে বড়োসড়ো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। অভিযোগের তির যাঁর দিকে সেই বিজেপি বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, কংগ্রেসের অভিযোগ আদৌ ঠিক নয়। তাঁর বক্তব্য, এ সবই কংগ্রেস ও তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল।পারস্পরিক চাপানউতোরের ফলে চরম উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে। দোষীদের অবিলম্বে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিজেপি বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *