চালকের সিদ্ধান্তই বদলে দিল জীবন
শাশ্বতী মোদক: রঙ নিউজ
কথায় বলে “রাখে হরি মারে কে!” পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময়ে আচমকাই গাড়ি থামিয়ে দিয়েছিলেন চালক। বলে ওঠেন, ‘হড়পা বান আসছে!’ শুনে সকলেই উৎসুক হয়ে পড়েছিলেন। কেউ কেউ গাড়ি থেকেও নেমে পড়ে দেখেন দূর থেকে যেন মেঘের স্রোত ভেসে আসছে! বিস্মিত হয়ে গিয়েছিলেন সকলে। মুহূর্তে সেই বিস্ময় ভাঙে চালকের পরের কথায়— ‘তাড়াতাড়ি চলুন। আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। যে কোনও সময়ে বান এ দিকে চলে আসবে। ভাগ্যিস ঠিক সময়ে চালক গাড়ি ঘুরিয়ে সকলকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছিলেন। নয়তো ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারত! এখনো সেই মুহূর্তের কথা ভাবলে আতঙ্কে শিউরে উঠছেন শিক্ষক দম্পতি। হড়পা বানে বিপর্যস্ত নেপাল থেকে ফিরে সেই চালককে ধন্যবাদ জানালেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের শিক্ষক দম্পতি। রবিবার সকালে পুলিশি নিরাপত্তায় বাড়ি ফিরে ষাটোর্ধ্ব অনুকূল পোদ্দার বলেন, ‘ঈশ্বরের অশেষ করুণা যে আমরা বেঁচে ফিরতে পারলাম। মনে হচ্ছে, পুনর্জন্ম হলো।’
