দীর্ঘ অপেক্ষার অবসান। অশোক নগরে মিললো ‘কালোসোনা ‘

দীর্ঘ অপেক্ষার অবসান। অশোক নগরে মিললো ‘কালোসোনা ‘

দীপা দে: রঙ নিউজ

২৯ আগষ্ট ২০২৬

 

দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত শুক্রবার অশোক নগরের বাইগাছি ONGC কেন্দ্র থেকে ফের শুরু হয়েছে বানিজ্যিক ভাবে অপরিশোধিত তেল উত্তোলন।দেশের জ্বালানি মানচিত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগর, এমনটাই জানিয়েছেন ONGC এর অভিজ্ঞ মহল।

২০১৮ তে প্রথমবার এখানে মিলেছিল ‘কালোসোনা’। সেই কূপ থেকে পরবর্তীতে তেল না মেলায় নতুন কূপ খনন করে বানিজ্যিক ভাবে উত্তোলনের উদ্যোগ নেয়নি ONGC এর কর্মকর্তারা। বর্তমানে ঐ পুরনো কূপের থেকে প্রায় ৯৫ মিটার উত্তর পূর্ব দিকে নতুন করে খনন করে পুনরায় তেলের সন্ধান পাওয়া গেছে। অশোক নগরের আশপাশের এলাকায় প্রায় ছয়টি কূপ রয়েছে যার মধ্যে চারটিতে তেল ও দুটিতে প্রাকৃতিক গ্যাস রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। এখানকার অপরিশোধিত তেলের মান খুবই উন্নত।বোম্বে হাই ( Bombay High ) খনির তেলের সমতুল্য বলে মনে করছেন ONGC এর বিশেষজ্ঞরা।

গত ২৮শে আগষ্ট ২০২৬ শুক্রবার থেকে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ONGC এর ডিরেক্টর ও অশোকনগরের বর্তমান বিধায়ক তন্ময় হীরা। ONGC সূত্রের খবর, মাটির প্রায় দুই হাজার চারশো মিটার গভীর থেকে এই অপরিশোধিত তেল উত্তোলন করা হচ্ছে। প্রাথমিক ভাবে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার লিটার অপরিশোধিত তেল উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম দফায় উত্তোলিত এই অপরিশোধিত তেল পৌঁছানো হচ্ছে ইন্ডিয়ান অয়েলের হলদিয়া শোধনাগারে ( Haldia Refinery )।

২০২০ সালে পরীক্ষামূলক ভাবে প্রায় ৩৭৫ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা হয়েছিল। মাঝে নানা প্রযুক্তিগত ও জমি সংক্রান্ত জটিলতায় কাজ ব্যহত হলেও বর্তমানে সব সমস্যার সমাধান হয়েছে। এই ঘটনাকে ঘিরে অশোক নগরে তৈরী হয়েছে উচ্ছাস ও খুশির আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *