বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমী প্রজন্ম গড়তে হবে: রাষ্ট্রপতি
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
দেশের সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমী প্রজন্ম গড়ে তুলতে হবে বলে রাজধানী দিল্লি থেকে শিক্ষক দিবসে বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। এই দায়িত্ব নিতে হবে শিক্ষক শিক্ষিকাদের। তাঁর কথায়, শুধু পাতার পর পাতা ধরে ধরে বই পড়ানো নয় বরং ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, মানবিকতা, যুক্তিবোধের পাশাপাশি সমাজ তথা দেশের প্রতি দায়বদ্ধতার বোধ তৈরি করার দায়িত্বভার গ্রহণ করতে হবে শিক্ষক সমাজকে। শিক্ষক যে আদতে জাতির মেরুদণ্ড, বস্তুত মানুষ গড়ার কারিগর তা ফের একবার মনে করিয়ে দিয়েছেন তিনি।
৫ই সেপ্টেম্বর ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তথা বিশিষ্ট শিক্ষাব্রতী ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। শিক্ষক দিবসে তাঁর লেখা ‘শেপিং মাইন্ডস্ বিল্ডিং দ্য ফিউচার ‘ শীর্ষক বিশেষ নিবন্ধে রাষ্ট্রপতি বলেছেন, অভিভাবকরা অনেক আশা নিয়ে তাঁদের সন্তানদের ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান।পড়ুয়াদের ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে শিক্ষকদেরই। শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ ধরে রেখে সাফল্য ও সম্মান অর্জন করতে পারার থেকে ভালো আর কিছুই হয় না। সেখানেই একজন শিক্ষকের সাফল্য বলে পর্যবেক্ষণ রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর। শিক্ষক দিবসে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তাবাহী এক মহান ঐতিহ্যবাহী দেশ। বর্তমানে দেশ উন্নততর হতে এগিয়ে চলেছে। ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষকদের কর্তব্য দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখানোর পাশাপাশি ধারালো যুক্তি ও বিচারবোধকে পাথেয় করে মানব কল্যাণের ভাবনা ও সকল জীবের প্রতি দায়িত্বশীল হয়ে ব্যক্তিগত ও সমষ্টিগত উৎকর্ষতার দিকে এগিয়ে যাওয়া।
