ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তি নিয়ে কড়া মুখ্যমন্ত্রী
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
ছাত্রছাত্রীদের মোবাইল ফোনে চরম আসক্তি তাদের পড়াশোনার পাশাপাশি শরীরে মনে কুপ্রভাব ফেলছে বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে কড়া অবস্থান নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। শনিবার কলকাতার নিউ টাউনে ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান ২০২৬’ অনুষ্ঠানের মঞ্চ থেকে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দূর করতে হবে। তাঁর কথায়, গভীর রাত পর্যন্ত মোবাইলে ব্যস্ত থাকায় পর্যাপ্ত ঘুম থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা যা শরীরে ও মনে গভীর প্রভাব ফেলছে। ফলে তারা পড়াশোনায় মনোযোগী হতে পারছে না। গুজরাটের উদাহরণ তুলে তিনি বলেন, সে রাজ্যে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা মোবাইল হাতে পায় না। ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তির সমস্যা দূর করতে মূলত সামাজিক ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যত। সন্তানদের অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে। এ বিষয়ে সরাসরি সরকারি হস্তক্ষেপের বদলে সামাজিক সচেতনতা ও কড়া সিদ্ধান্ত নিতে হবে অভিভাবকদেরই মলে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
