২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্যবিবাহ নির্মূল দিবস
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
বাল্যবিবাহ প্রতিরোধে বড় পদক্ষেপ রাষ্ট্রপুঞ্জের। ২৭ নভেম্বরকে ‘আন্তর্জাতিক বাল্যবিবাহ, শিশুবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা। শুক্রবার সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এই প্রস্তাব।
সিয়েরা লিওনের উদ্যোগে আনা প্রস্তাবটিতে কমপক্ষে ৬৬টি দেশ সমর্থন জানায়। ভারত-সহ কাবো ভার্দে, মরক্কো, কোস্টা রিকা, নামিবিয়া, রোয়ান্ডা, সুদান ও আফগানিস্তানও প্রস্তাবের পক্ষে সায় দিয়েছে।
রাষ্ট্রপুঞ্জের বার্তা স্পষ্ট—শুধু একটি আন্তর্জাতিক দিবস পালন নয়, বাল্যবিবাহ নির্মূলে প্রয়োজন কঠোর আইন, তার কার্যকর প্রয়োগ, শিক্ষা, সচেতনতা এবং আন্তর্জাতিক সহযোগিতা। সরকার, রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংস্থা, সুশীল সমাজ ও অন্যান্য সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সিয়েরা লিওনের ফার্স্ট লেডি ড. ফতিমা মাদা বিয়ো বলেন, প্রতিটি পরিসংখ্যানের পিছনে রয়েছে একটি শিশুর জীবন, স্বপ্ন ও ভবিষ্যৎ। তাঁর কথায়, আইন তৈরি করাই যথেষ্ট নয়—তার বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।

এই উদ্যোগের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে Just Rights for Children-এর আইনজীবী ভুবন রিভুর। চলতি বছরের মার্চেই তিনি আন্তর্জাতিক বাল্যবিবাহ নির্মূল দিবস ঘোষণার দাবি তুলেছিলেন। ২০২৫ সালের ২৭ নভেম্বর প্রায় ২৫ কোটি ভারতীয় বাল্যবিবাহ প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন—সেই দিনটিকেই আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়।
রাষ্ট্রপুঞ্জের এই সিদ্ধান্ত তাই শুধু একটি দিবস ঘোষণার ঘটনা নয়—শিশুর অধিকার, শিক্ষা, মর্যাদা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার পথে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা।

