৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘটে বাড়বে ভোগান্তি
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
সেপ্টেম্বরের শেষে টানা তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটে বিপর্যস্ত হতে পারে ব্যাঙ্কিং পরিষেবা। দুর্গাপুজোর মুখে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস’-র ডাকা এই ধর্মঘটের জেরে চরম ভোগান্তির শিকার হতে পারেন গ্রাহকরা। বস্তুত ২৮ থেকে ৩০শে সেপ্টেম্বর একটানা তিন দিনের ধর্মঘটে সমস্যার মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ। সূত্রের খবর, শনিবার ও রবিবার সহ সপ্তাহে দুদিন ছুটির দাবিতে ধর্মঘটে সামিল হচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে সাধারণ মানুষের হয়রানি কমাতে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজতে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলির সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি নাবার্ডের প্রতিনিধিরা সহ উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
বর্তমান নিয়ম অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে সমস্ত ব্যাঙ্ক। কর্মী সংগঠনগুলির দাবি, দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে সপ্তাহে পাঁচ দিনের কাজের পাশাপাশি দুদিনের ছুটির দাবি দীর্ঘদিনের। কেন্দ্রীয় সরকার তা মানছেন না। ফলে ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হচ্ছেন তাঁরা। এমনিতে ২৬শে সেপ্টেম্বর চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। রবিবার ২৭ তারিখ সাধারণ ছুটি। সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার থেকে টানা তিন দিনের ধর্মঘটে মাসান্তে রীতিমতো সমস্যার মুখে পড়বেন গ্রাহকরা তা বলাই বাহুল্য। তবে চটজলদি নগদ লেনদেনের জন্য এটিএম পরিষেবা চালু থাকলেও সেখানে দ্রুত টাকা ফুরিয়ে যাওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
