ঘুরে দাঁড়াতে বইকে হাতিয়ার সিপিআইএমের

ঘুরে দাঁড়াতে বইকে হাতিয়ার সিপিআইএমের

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

“বুলডোজারকে করল দূর, বইয়ের পাশে যাদবপুর” বা “হাতে হাতে বই, পাড়ায় পাড়ায় সিপিআইএম” শ্লোগান তুলে সাইকেল রিক্সা, ঠেলাগাড়িতে বইয়ের সম্ভার সাজিয়ে পাড়ায় পাড়ায় ভ্রাম্যমান বইয়ের স্টল নিয়ে মানুষের পাশে পৌঁছে গেল রাজ্য বামফ্রন্টের বড়ো শরিক সিপিআইএম। রবিবার সকালে কলকাতার যাদবপুর ও বিধাননগর এলাকায় বিভিন্ন ধরনের বই নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরলেন সিপিআইএম নেতা, কর্মীরা। ছিলেন দলের ছাত্র যুব কর্মীরাও। রাজ্য প্রশাসন তথা শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে ভ্রাম্যমান বইয়ের স্টল ঘিরে মানুষের সাড়া ছিল যথেষ্ট স্বতঃস্ফূর্ত। মানুষ বই কেনার পাশাপাশি পুরনো বইয়ের বদলে নতুন বই নেন। যাদবপুর এলাকায় বই নিয়ে ঘোরার ফাঁকে বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ ও বাম নেত্রী মধুজা সেন রায়, মান্ডবী ভট্টাচার্যরা বলেন, যারা বইয়ের স্টল ভাঙতে আসে তারা চায় না জ্ঞানের প্রসার ঘটুক। বইয়ের বিকল্প নেই। বুলডোজার দিয়ে বুক স্টল ভাঙতে যাওয়ার বিরুদ্ধে এটাই তাঁদের প্রতিবাদ বলে দাবি করেন তাঁরা। অন্যদিকে বিধাননগর এলাকায় বাম নেতা বুম্বা মৈত্র বলেন, শারদোত্সবে বইয়ের স্টল আক্রমণ ও বন্ধ করার বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।

দরজায় কড়া নাড়তে চলেছে পুর ভোট। জনসমর্থন বাড়াতে এবং তা ভোটের বাক্সে টেনে আনতে চেষ্টার কসুর করছে না সিপিআইএম। দুর্গাপুজোয় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বইয়ের স্টল ভাঙার বিরুদ্ধে বস্তুত সেই বইকেই হাতিয়ার করে ফের ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে সিপিআইএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *