বিকশিত ভারত’ গড়তে নেশামুক্ত যুবসমাজের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 

‘বিকশিত ভারত’ গড়তে নেশামুক্ত যুবসমাজের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

দেবপ্রিয়া বারিক , রঙ নিউজ

 

২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে দেশের যুবসমাজকে মাদকমুক্ত থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘নেশামুক্ত যুব, বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর সূচনা করে তিনি বলেন, উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নে যুবকদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরি।

 

দেশজুড়ে ২৮ হাজারেরও বেশি স্থানে আয়োজিত এই কর্মসূচিতে ১২৫টিরও বেশি সামাজিক, আধ্যাত্মিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় এক কোটিরও বেশি যুবক-যুবতী অংশ নেন। আগামী ১০০ সপ্তাহ ধরে প্রতি রবিবার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে নেশামুক্ত জীবনের বার্তা ছড়িয়ে দেওয়া হবে।

 

প্রধানমন্ত্রী বলেন, মাদক শুধু একজন যুবকের ভবিষ্যৎই নষ্ট করে না, একটি পরিবারের স্বপ্নও ভেঙে দেয় এবং দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। তিনি অভিযোগ করেন, শত্রু দেশগুলি মাদক পাচারের মাধ্যমে ভারতের যুবসমাজকে দুর্বল করার ষড়যন্ত্র করছে। তাই মাদকাসক্তির ঘটনা গোপন না করে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাদক পাচারকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অভিযানের কথা উল্লেখ করে জানান, হাজার হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে এবং তিনি আরও জানিয়েছেন এই অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *