*আইএফএলে হারের হ্যাটট্রিক মহামেডানের*
নবনীতা পাল: রঙ নিউজ
দেশের দ্বিতীয় সারির ফুটবল লিগ আইএফএলে হারের হ্যাটট্রিক করে ফেলল মহামেডান। শুক্রবার কিশোর ভারতীতে হোম ম্যাচে সাদা কালো ব্রিগেডকে ৪–১ গোলে ধুয়ে দিয়ে গেল গোকুলম এফসি। কেরালার এই ক্লাব ৪ ম্যাচের চারটিতেই জিতে ১১ টিমের লিগ টেবলের শীর্ষে।
অন্য দিকে, ৩ ম্যাচে হেরে শূন্য পয়েন্টে মহামেডান দশম স্থানে। একটি ম্যাচ বেশি খেলে শূন্য পয়েন্টে থাকা সম্বলেশ্বরী এফসি রয়েছে সবার শেষে। গোকুলম এ দিন প্রথমার্ধেই ৪–১ গোলে এগিয়ে যায়। ৭ মিনিটে গোকুলমের প্রথম গোল জবি জাস্টিনের।
জোড়া গোল ক্রিসলান হেনরিকের। একটি গোল এনএস শিকিলের। বিরতির ঠিক আগে মহামেডানের হয়ে ব্যবধান কমান জেরেমি লালডিনপুইয়া। ২৫ নভেম্বর ঘরের মাঠে মহামেডানের পরের ম্যাচের প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড।

