আমেরিকা থেকে আইপিএস: স্বপ্নের উড়ান নীহারিকার
সোমনাথ মুখোপাধ্যায়: Rong News
ফের একবার নারীশক্তির জয়জয়কার। মার্কিন মুলুকের নিশ্চিত, উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি উপেক্ষা করে দেশে ফিরে প্রথম প্রচেষ্টাতেই সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়ে আইপিএস অফিসার হলেন নীহারিকা ভাট। একইসঙ্গে হয়ে উঠলেন অসংখ্য তরুণ তরুণীর অনুপ্রেরণা। বর্তমানে তিনি দিল্লি পুলিশে ডেপুটি কমিশনার হিসাবে কর্মরতা।

চিকিৎসক পিতার মেধাবী কন্যা নীহারিকার জন্ম উত্তরপ্রদেশের মোরাদাবাদে। সেখানে এবং আলিগড়ে স্কুলের পড়া শেষ করে লখনউয়ে ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক পাঠক্রমে ভর্তি হন নীহারিকা। ভালো ফল করে উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এমটেকে ভর্তি হন তিনি। সেখানেই চটপট পেয়ে যান ভালো চাকরি। কিন্তু নিশ্চিত ও উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি উপেক্ষা করে ভারতে ফিরে আসেন নীহারিকা। প্রস্তুতি নিতে শুরু করেন সিভিল সার্ভিসের এবং প্রথম প্রচেষ্টাতেই বাজিমাত করে আইপিএস হন তিনি। যোগ দেন হৃষিকেশে স্টেশন অফিসার হিসাবে। বর্তমানে তিনি দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার। প্রথম প্রচেষ্টাতেই সাফল্য সম্পর্কে তিনি বলেন, প্রচুর বইপত্র পড়লেই সফলতার আশা করা ভুল। একটি সঠিক ও উন্নত বই নির্বাচন করে মনোযোগ দিয়ে খুঁটিয়ে পড়লে বিষয়টি দখলে আসবে। সেটিই সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। আইপিএস নীহারিকার কথায়, বরাবর সমাজের জন্য সরাসরি কিছু করার আকাঙ্খা তাঁকে সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে বাধ্য করে। তাঁর মতে, মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান করতে সিভিল সার্ভিসের বিকল্প নেই। তাঁর এই স্বপ্নের উড়ানকে কুর্নিশ জানাচ্ছেন দেশবাসী।
