ফুটবল রাজপুত্রের বিদায়
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
নীল সাদা ১০ নম্বর জার্সি গায়ে ৫ ফুট ৫ ইঞ্চির চাবুক শরীরটা ছুটছে। ছুটছে বল পায় দুরন্ত ড্রিবলে। সূক্ষ্ম ডজে নিমেষে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে বিপক্ষের রক্ষণভাগ। সমুদ্র গর্জনে ফেটে পড়ছে গোটা মাঠ। পেনাল্টি বক্সের মাথায় দুরন্ত ভলি…
হৃৎপিন্ডে দোলা লাগানো সেই স্কিলের বিচ্ছুরণ আজও উজ্জ্বল অসংখ্য ফুটবল পাগলের স্মৃতির মণিকোঠায়। আজও অম্লান সেই ডিফেন্স চেরা থ্রু পাস যা ধরে অসংখ্য গোল করেছেন ভালদানো, বুরুচাগা, ক্যানিজিয়ারা। মাঠকে বিদায় জানিয়েছেন আগেই। তারপর মাত্র ৬০ বছর বয়সেই জীবনকে বিদায় জানান বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ডিয়েগো আরমান্দো মারাদোনা। ২০২০ সালে ২৫শে নভেম্বর চলে যান তিনি।
আর্জেন্টিনার দরিদ্র পল্লী থেকে উঠে আসা মারাদোনা জাতীয় দলে সুযোগ পান মাত্র ১৬ বছর বয়সে। সঙ্গে সঙ্গে আর্জেন্টিনাও পেয়ে যায় তার নতুন জাতীয় নায়ককে। আর্জেন্টিনার বোকা জুনিয়র্স থেকে স্পেনের বার্সেলোনা হয়ে ইতালির নেপোলি ক্লাব। এক দীর্ঘযাত্রা কিন্তু ঝলমলে। অর্থ, যশ, খ্যাতি ঘুরেছে সঙ্গে। অনেকটা তাঁর বলকে নিয়ে অনায়াসে জাগলিংয়ের মতোই। খ্যাতির শীর্ষে পৌঁছে গেলেন ১৯৮৬ সালে মেক্সিকোয় আয়োজিত বিশ্বকাপে। ইংল্যান্ডের বিরুদ্ধে বহু চর্চিত ‘হ্যান্ড অফ গড’ গোল তাঁর কৃতিত্বে দাগ কাটতে পারেনি। আর ফাইনালে অ্যাজটেক স্টেডিয়াম দেখেছিল ফুটবল রাজপুত্রের দুরন্ত শাসন। রুমেনিগে, ফোলার, ম্যাথেউসের শক্তিশালী জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের সম্মান এনে দিয়েছেন আর্জেন্টিনাকে। নাতিদীর্ঘ চেহারার সামনে নতজানু হয়েছিল গোটা ফুটবল বিশ্ব।

আসলে ডিয়েগো মারাদোনা তারুণ্যের উচ্ছ্বাস। খিদের প্রতীক। শোষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। বাম পায়ের জাদুতে বলকে দিয়ে কথা বলানো আদতে বৈষম্যের মাথায় সদম্ভ পদাঘাতের প্রতীক। ফুটবলের রাজপুত্র যে চিরকালই ব্যতিক্রমী। খেলায়, জীবনেও।
