শিক্ষক ঘাটতি মেটাতে অস্থায়ী বদলি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
রাজ্যের সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড সরকারি স্কুলগুলিতে শিক্ষক ঘাটতি পূরণে উদ্যোগী হল স্কুল শিক্ষা দফতর। এই মর্মে ২৫ নভেম্বর নির্দেশিকা জারি করেছেন রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার।

নির্দেশিকা অনুযায়ী, বিষয়ভিত্তিক শিক্ষক ঘাটতি মেটাতে সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুল থেকে শিক্ষক বেছে নিয়ে সাময়িকভাবে সংশ্লিষ্ট মডেল স্কুলগুলিতে পাঠানো হবে। এই প্রক্রিয়ায় জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস (SE)-দের শিক্ষক নির্বাচন করে নিয়োগের নির্দেশ জারি করতে বলা হয়েছে।
তবে এই অস্থায়ী বদলিতে শিক্ষকদের চাকরির শর্তে কোনও পরিবর্তন হবে না। সার্ভিস সংক্রান্ত যাবতীয় দায়িত্ব এবং মাসিক বেতন বহন করবে তাঁদের মূল স্কুল। সংশ্লিষ্ট মডেল স্কুলগুলিকে শিক্ষকদের ছুটির হিসাব-সহ প্রয়োজনীয় তথ্য মূল স্কুলে পাঠাতে হবে।

পাশাপাশি, প্রতিটি সরকারি মডেল স্কুল ও নিউ ইন্টিগ্রেটেড সরকারি স্কুলকে প্রকৃত শিক্ষক চাহিদার বিস্তারিত হিসাব দ্রুত সংশ্লিষ্ট ডিআই-এর কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
