*রেখার অসুস্থতার নেপথ্যে ষড়যন্ত্র! হিঙ্গলগঞ্জের বিধায়কের দিদি ও শ্বশুরের বিস্ফোরক মন্তব্যে ঝড়*
নবনীতা পাল: রঙ নিউজ
এখন অনেকটাই সুস্থ রেখা। কলকাতায় মুকুন্দপুরের হাসপাতালে গিয়ে দেখা যায় তিনি আস্তে আস্তে কথা বলছেন। ‘সুস্থ আছেন?” প্রশ্ন করলে হাত নেড়ে সম্মতিসূচক উত্তর দেন।
রাজনৈতিক আবহাওয়া না পারিবারিক পরিমণ্ডল বিষিয়ে যাওয়া? ঠিক কোন পথে হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রের শরীর মারাত্মক কীটনাশক ঢুকে পড়ল তা নিয়ে রহস্য ক্রমশ জটিল হচ্ছে। আপাতত রেখার সর্বক্ষণের সঙ্গী দিদি রেবা নস্কর মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করে বলেন, “পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে, তদন্ত করে দেখা হোক।”
তবে এই ষড়যন্ত্রে কে বা কারা যুক্ত? দলের একাংশ না পরিবারের কেউ? স্পষ্ট করেননি রেখার দিদি রেবা নস্কর। যদিও দল যে পাশেই আছে তা হাসপাতালে বিধায়ককে দেখতে এসে জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
কিন্তু এদিন সুন্দরবনের সন্দেশখালির পাত্রপাড়ায় বসে রেখার শ্বশুর ধীরেন পাত্র রীতিমতো বিস্ফোরক অভিযোগ করেন। বলেন, “ভোটের পর থেকেই তো রেখা এখানে থাকে না। যখন আন্দোলন হয়েছিল তখন আমরা সবাই ওর সঙ্গে ছিলাম, বিধায়ক হওয়ার পর আর আমাদের মুখ দেখা দূরের কথা, কোনও খোঁজখবরই নেয় না। আর করবেই বা কী করে? আমার ছেলে সন্দীপকে (রেখার স্বামী) তো ওঁর বোন আর বোনাইকে দিয়ে বেধড়ক মারধর করিয়েছিল। ওরাই তো এখন রেখার সব কিছু।” স্বামী ধীরেনকে সমর্থন করে পাশে বসে রেখার শাশুড়ি অনুপমা কটাক্ষের সুরে অভিযোগ করেন, “লোকসভা ভোটে সেই যে দাঁড়িয়েছিল তারপর থেকে আমাদের আর কোনও খোঁজখবর নেয় না। ফোন করে জিজ্ঞাসাও করে না, আমরা বেঁচে আছি না মরে গেছি।”
তবে এখন অনেকটাই সুস্থ রেখা। কলকাতায় মুকুন্দপুরের হাসপাতালে এদিন গিয়ে দেখা যায় তিনি আস্তে আস্তে কথা বলছেন। “সুস্থ আছেন?” প্রশ্ন করলে হাত নেড়ে সম্মতিসূচক উত্তর দেন। বেলায় ফের তাঁর সিটিস্ক্যান হয়। তাঁকে এদিনও দেখতে যান বিজেপি নেত্রী অর্চনা মজুমদার।
তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা, বর্তমানে জেলবন্দি শাজাহানের বিরুদ্ধে আন্দোলন করে প্রতিবাদী মুখ হিসাবে নজর কেড়েছিলেন সন্দেশখালির রেখা পাত্র। প্রথমে বসিরহাট লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে হেরে যান। পরে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন। থাকতেন হিঙ্গলগঞ্জের লেবুখালিতে ভাড়া বাড়িতে। শনিবার রাতে তীব্র বিষক্রিয়ায় সংকটজনক অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রেখাকে। এদিন বোনের অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রেখার দিদি রেবা নস্কর। বলেন, “ওঁর সঙ্গে তো সব সময় থাকি, দিদি হয়েও বুঝতে পারছি না ঘটনাটা কীভাবে ঘটল। তবে ও এখন সুস্থ আছে। সকালে আমার সঙ্গে কথা হয়েছে।” ঘাস মারার কীটনাশক খাওয়ার সম্ভাবনা নিয়ে রেবা জানান, “বাড়িতে কখনও এমন কীটনাশক ছিল বলে দেখিনি।” কিন্তু এরপরই গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বিধায়কের দিদি বলেন, “রেখা খুব স্পষ্টবাদী, সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করে। এমন কথায় কেউ কি রেগে গিয়ে তার পিছনে কেউ ষড়যন্ত্র করল? নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে নিশ্চয়ই ওর পিছনে কোথাও কোনও একটা ঘটনা ঘটেছে।”
বস্তুত গত কয়েকদিন ধরে রেখা পাত্রের লেবুখালির বাড়িতে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার কিংবা ঘাস মারার কীটনাশক বিধায়কের খাওয়ার সম্ভাবনা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে তার শরীরে বিষক্রিয়া হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। সন্দেশখালির আরেক প্রতিবাদী পিয়ালী দাসও রেখার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
