দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে পরপর বিস্ফোরণের দাবি, মিসাইল হামলার জল্পনায় তীব্র চাঞ্চল্য
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আবহে সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে পরপর বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মাত্র ২০ মিনিটের মধ্যে সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। যদিও এই ঘটনার বিষয়ে সংযুক্ত আরব আমিরশাহি সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি

ইরানের সংবাদ সংস্থা Mehr-এর দাবি, অল্প সময়ের ব্যবধানে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে জেবেল আলি শিল্পাঞ্চল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে বিস্ফোরণস্থলের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যেতে দেখা গিয়েছে। আরও দাবি করা হয়েছে, ঘটনাস্থলের ভিডিও ধারণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, ইরাকের একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহিকে লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে এবং হামলাটি ইয়েমেনের দিক থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে এই দাবির সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত হয়নি এবং হামলার দায়ও কোনও সংগঠন বা রাষ্ট্র স্বীকার করেনি।
অন্যদিকে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-র থার্মাল ইমেজারির তথ্য উদ্ধৃত করে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, জেবেল আলি বন্দর সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ইঙ্গিত মিলেছে। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় ওই বন্দর এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি মজুত রাখা হয়েছিল এবং সেখান থেকেই বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ করা হতো বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, আল ফুরজান এলাকার বাসিন্দারা বিস্ফোরণের সময় প্রবল শব্দ অনুভব করেন এবং চারদিক কেঁপে ওঠে। তাঁদের বক্তব্য অনুযায়ী, বিস্ফোরণের অভিঘাত আশপাশের বিস্তীর্ণ এলাকাতেও টের পাওয়া যায়। দুবাই সিটি সেন্টার থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জেবেল আলি শিল্পাঞ্চল আন্তর্জাতিক বাণিজ্য, নৌ-পরিবহণ ও শিল্পকারখানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের কাছেই রয়েছে কৃত্রিমভাবে নির্মিত ‘পাম জেবেল আলি’ দ্বীপপুঞ্জ এবং এটি সংযুক্ত আরব আমিরশাহির অন্যতম গুরুত্বপূর্ণ মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবেও পরিচিত।
এখনও পর্যন্ত এই বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর প্রকাশ্যে আসেনি। তবে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, ঘটনার পর দুবাইয়ের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। উল্লেখ্য, অতীতে ইরান, আমেরিকা ও ইজ়রায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। সেই প্রেক্ষাপটে জেবেল আলির এই বিস্ফোরণের ঘটনাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে বিস্ফোরণের প্রকৃত কারণ, হামলার উৎস এক বং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহি সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ প্রকাশ করা হয়নি। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটির প্রকৃত চিত্র স্পষ্ট হবে না।
