জরিমানার বদলে লাল গোলাপ
দীপা দে: রঙ নিউজ
৫ আগষ্ট ২০২৬
হেলমেট বিহীন বাইক ও স্কুটি চালকদের কোন রকম কড়া আইনী ব্যবস্থা ও জরিমানা না করে তাদের হাতে তুলে দিচ্ছেন একটি করে লাল গোলাপ। সাথে দেওয়া হচ্ছে পথ নিরাপত্তা বিষয়ে সতর্ক। এই অভিনব সৃজনশীল উদ্যোগ নিয়েছেন হাবড়া ও গোবরডাঙা থানার পুলিশ।
বারবার প্রচার চালানো সত্বেও এখনো বহু মানুষ হেলমেট ছাড়াই বাইক ও স্কুটি চালাচ্ছে। তাদের জন্যই গত সোমবার হাবড়া ও মঙ্গলবার গোবরডাঙা থানার পুলিশের এই নয়া উদ্যোগ। ব্যতিক্রমী এই পন্থা স্থানীয় বাইক ও স্কুটি চালকদের মনে বিশেষ ভাবে সাড়া দিয়েছে। তারা বারংবার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ও ভবিষ্যতে এই ভুল আর হবে না বলে কথাও দিয়েছে। তবে ভবিষ্যতে যদি কেউ ট্রাফিক আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে কড়া আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশ।

