বিহারে শিবমন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৭
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে এসে অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো ৭ জনের। আহত বহু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের লখীসরাইয়ের অশোকধাম শিবমন্দিরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিড়ের চাপে বাঁশের তৈরি ব্যারিকেড ভেঙে যাওয়ায় এই বিপত্তি ঘটে। অবস্থা সামাল দিতে যথেষ্ট সংখ্যায় পুলিশ ছিল না বলে অভিযোগ পুণ্যার্থীদের। এ বিষয়ে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগের দিন মাঝরাতের পর পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা দুটি ট্রেন লখীসরাইয়ে ঢোকে। ভোররাত থেকেই লাইন পড়ে পুজো দেওয়ার। সকাল হতেই শুরু হয় ঠেলাঠেলি। রটে যায় শর্ট সার্কিটের ফলে আগুন লাগার। এরপরই আতঙ্কে দিশাহারা হয়ে পড়ে মানুষ। ভিড়ের চাপে ভেঙে পড়ে বাঁশের ব্যারিকেড। মুহূর্তে অবস্থা হাতের বাইরে চলে যায়। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। জেলাশাসক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। সেখানেই তাঁরা চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
