৪২ ইঞ্চি ভুঁড়ির গণপতি ফুটবল প্রতিযোগিতা

৪২ ইঞ্চি ভুঁড়ির গণপতি ফুটবল প্রতিযোগিতা

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

৪২ ইঞ্চির পেল্লায় ভুঁড়ি থাকলে তবেই ফুটবল প্রতিযোগিতায় সুযোগ পাওয়া যাবে! শুনতে অবাক লাগলেও এমনই অভিনব শর্তে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরের লেনিনগড় চাঁদপুর শিবমন্দির কমিটি। প্রতিযোগিতার পোশাকি নাম গণপতি ফুটবল প্রতিযোগিতা।

আয়োজকদের কমিটি সূত্রে জানা গিয়েছে, ২৩শে অগস্ট এলাকার সুভাষ সংঘ খেলার মাঠে গণপতি ফুটবল প্রতিযোগিতায় খেলোয়ারদের বয়স হতে হবে ৪০ বছরের বেশি। সঙ্গে অবশ্যই ভুঁড়ির মাপ নূন্যতম ৪২ ইঞ্চি হওয়া চাইই চাই। তবেই মিলবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ। সোদপুর, বিরাটি, মধ্যমগ্রাম প্রভৃতি এলাকা থেকে বাছাই করে আনা হচ্ছে খেলোয়ারদের।

কমিটি সূত্রে আরও জানা গিয়েছে, খেলার আগে গণেশের মূর্তি নিয়ে শোভাযাত্রা করবেন খেলোয়াড়রা। তারপর শুরু হবে প্রদর্শনী ম্যাচ। সর্বোচ্চ ভুঁড়ির অধিকারীকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।

‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’ বিখ্যাত গানের সূত্র ধরে এক অন্যরকম ফুটবল উৎসবের বার্তা দিচ্ছেন আয়োজকরা যেখানে ফুটবলের পাশাপাশি ভুঁড়ির লড়াই চাক্ষুষ করবেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *