মহানায়কের জন্মশতবর্ষে আসছে ‘পমফ্রেট’
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউটিউবে আসছে স্বল্প দৈর্ঘের ছবি পমফ্রেট। ছবিটি মুক্তি পাবে উত্তমকুমারের জন্মদিন ৩রা সেপ্টেম্বরে। সৌম্য মৈত্র পরিচালিত ১০ মিনিটের ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিশ্বাবসু বিশ্বাস ও দেবলীনা কুমার। পুরনো বন্ধুত্ব, আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও ভালোবাসার সূক্ষ্ম অনুভূতি ছবির উপাদান। নীরবতা কথা বলে। সেই না বলা কথাই ছবির মূল সুর।
বাংলা চলচ্চিত্র জগতে উত্তমকুমার স্বতন্ত্র একটি নাম নয় বরং একটি উজ্জ্বল অধ্যায়। অভিনয়ের নিজস্ব ম্যানারিজমে তিনি বাঙালির ম্যাটিনি আইডল। ১৯২৬ সালের ৩রা সেপ্টেম্বর তাঁর জন্ম। তাঁর জন্মদিনে ছবি মুক্তি শুধু স্মরণীয় ঘটনা নয় বস্তুত সেই উজ্জ্বল অধ্যায়কে নতুন করে ফিরে দেখার উপলক্ষ বলে জানিয়েছেন পরিচালক সৌম্য মৈত্র। তিনি আরও বলেন, উত্তমকুমার তাঁর প্রিয় শিল্পী। প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পাওয়ার পাশাপাশি ছবির মাধ্যমে তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারাই সবথেকে বড়ো প্রাপ্তি। পমফ্রেট দর্শকমহলে কতটা দাগ কাটতে পারে সেটাই এখন দেখার।
