অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে রাজ্যজুড়ে উত্তেজনা, বিভিন্ন জেলায় বিক্ষোভ

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে রাজ্যজুড়ে উত্তেজনা, বিভিন্ন জেলায় বিক্ষোভ

 

শাশ্বতী মোদক, রঙ নিউজ

 

কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে প্রকল্পের সুবিধা পাওয়ার পর হঠাৎ অর্থ না মেলায় ক্ষোভে সরব হয়েছেন বহু মহিলা উপভোক্তা।

 

কোচবিহারে মন্ত্রী মালতি রাভা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান মহিলারা। পূর্ব বর্ধমানের গুসকরা, হুগলির চণ্ডীতলা, হালিশহর-সহ বিভিন্ন এলাকাতেও প্রতিবাদের ছবি সামনে এসেছে। পাশাপাশি জলপাইগুড়ি, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর ও বনগাঁ থেকেও বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে।

 

বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা নিয়মিত এই প্রকল্পের আর্থিক সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি টাকা না পাওয়ায় সংসার চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। সেই কারণেই বিভিন্ন জায়গায় প্রশাসনিক দফতরের সামনে বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন তাঁরা।

 

অন্যদিকে, সরকারের তরফে জানানো হয়েছে, যোগ্য প্রত্যেক উপভোক্তাই প্রকল্পের টাকা পাবেন। অর্থপ্রদানে কিছুটা সময় লাগছে এবং বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে বলেও দাবি করা হয়েছে।

তবে সরকারি আশ্বাসের পরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্রুত অর্থপ্রদান স্বাভাবিক না হলে এই ক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *