রাজ্যে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে পালাবদল, মুখস্থ নয় জ্ঞান ও দক্ষতাকে গুরুত্ব
দীপা দে, রঙ নিউজ
২১ আগস্ট ২০২৬
কলকাতা: স্কুলপড়ুয়াদের শুধুমাত্র মুখস্থবিদ্যার ভিত্তিতে মূল্যায়নের দিন এবার বদলাতে চলেছে। রাজ্যে পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে নতুন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার থেকে পড়ুয়াদের মুখস্থ করে পাওয়া নম্বরের পাশাপাশি জ্ঞান, দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা ও সামগ্রিক বিকাশের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে।
জাতীয় শিক্ষানীতি ২০২০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ধাপে ধাপে পরিবর্তন আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিকে আরও আধুনিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে।
এই উদ্দেশ্যে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে শুরু হয়েছে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ‘পরখ’। সেখানে শিক্ষক-শিক্ষিকাদের উন্নতমানের প্রশ্নপত্র তৈরি এবং আধুনিক মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মশালার সূচনা করেন স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মণ।
নতুন পদ্ধতিতে এমন প্রশ্নপত্র তৈরির উপর জোর দেওয়া হচ্ছে, যাতে পড়ুয়াদের শুধুমাত্র মুখস্থ ক্ষমতা নয়, বিষয় বোঝার ক্ষমতা, প্রয়োগ দক্ষতা ও চিন্তাভাবনার সক্ষমতাও যাচাই করা যায়। এই পরিবর্তন কার্যকর করতে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে শিক্ষা দপ্তর।
রাজ্যজুড়ে নতুন মূল্যায়ন পদ্ধতি কার্যকর হলে স্কুল স্তরের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।
