চোখ রাঙাচ্ছে জোড়া নিম্নচাপ
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপের জোড়া ফলায় রাজ্য জুড়ে সৃষ্টি হচ্ছে দুর্যোগের পরিস্থিতি। নিম্নচাপের জেরে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের সঙ্গে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ। সেখানেও শুরু হয়েছে বৃষ্টি। আগামী ২৪ ঘন্টায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি ও কলকাতায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ন অঞ্চলে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে সমুদ্র থাকবে উত্তাল। মৎসজীবিদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি প্রবল বর্ষণের ফলে দুর্যোগের মোকাবিলায় রাজ্য প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
