মেয়ো রোডে নয়, দুই গোষ্ঠীর সভা দুই প্রান্তে

মেয়ো রোডে নয়, দুই গোষ্ঠীর সভা দুই প্রান্তে

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

কালচারাল কো-অর্ডিনেটর

রঙ নিউজ

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর পৃথক সমাবেশ ঘিরে টানাপোড়েনের অবসান ঘটাল কলকাতা হাইকোর্ট। মেয়ো রোডে সভার অনুমতি না দিয়ে দুই গোষ্ঠীর জন্য পৃথক স্থান নির্দিষ্ট করে দিল আদালত।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী, কালীঘাট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ তারামণ্ডলের সামনের রাস্তার একাংশে এবং ঋতব্রত গোষ্ঠী রানী রাসমণি এভিনিউয়ের একাংশে কর্মসূচি করবে। দুই ক্ষেত্রেই যান চলাচলের জন্য রাস্তার একটি অংশ ফাঁকা রাখতে হবে।

আদালত জানিয়েছে, দুই সভাতেই সর্বোচ্চ ১,৫০০ জন করে জমায়েত হতে পারবেন। কর্মসূচির সময় দুপুর ১২টা থেকে ৩টে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এছাড়া, দুই গোষ্ঠীকেই ১৫ জন করে স্বেচ্ছাসেবকের নাম কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের কাছে ২৬ অগাস্ট সন্ধ্যা ৬টার মধ্যে জমা দিতে হবে। আদালতের নির্দেশ যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্বও সংশ্লিষ্ট পক্ষগুলির উপরই থাকছে।

আদালতের পর্যবেক্ষণ, চলতি বছরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রয়োজনে কালীঘাট গোষ্ঠীকে ক্যাথিড্রাল রোড, হাজরা মোড় কিংবা শ্যামবাজার পাঁচমাথা মোড়ে কর্মসূচির বিকল্প প্রস্তাবও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত দুই গোষ্ঠীর কর্মসূচির জন্য পৃথক স্থান নির্ধারণ করেই বিতর্কের ইতি টানল হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *