আবাসের সার্ভে নিয়ে বড় বার্তা
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
আবাস প্লাসের তালিকায় নাম তুলেও যদি এখনও বাড়িতে সরকারি সমীক্ষার লোক না পৌঁছয়, তবে আর দেরি নয়। আগামী ১৫ অগস্ট শেষ হচ্ছে আবাস প্লাসের সমীক্ষা। তার আগে এমন পরিবারগুলিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবেদন জানানোর আর্জি জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে মন্ত্রী জানিয়েছেন, আবাস প্লাসের মাধ্যমে পাকা বাড়ি পাওয়ার যোগ্য হলেও যাঁদের বাড়িতে এখনও সমীক্ষা হয়নি, তাঁরা ই-মেলের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
মন্ত্রী জানান, প্রায় আড়াই মাস ধরে গ্রামেগঞ্জে কর্মী পাঠিয়ে সমীক্ষা চলছে। কিন্তু তার পরেও কিছু বাড়ি বাদ পড়ে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই সমীক্ষা শেষ হওয়ার আগে বাদ পড়া পরিবারগুলিকে দ্রুত আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। আবেদনের সঙ্গে দিতে হবে আবেদনকারীর নাম, গ্রামের নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ফোন নম্বর। স্মার্টফোন না থাকলে পরিচিত কারও ফোন থেকেও আবেদন করা যাবে। আবেদন পাওয়ার পরে সরকারের তরফে খোঁজ নিয়ে প্রয়োজনীয় সমীক্ষা করা হবে। যোগ্য হলে সংশ্লিষ্ট পরিবার আবাসের জন্য বিবেচিত হবে। এক বার সমীক্ষা শেষ হয়ে গেলে পরবর্তী সমীক্ষা কবে হবে, তা অনিশ্চিত—তাই বঞ্চিত হওয়ার আশঙ্কা এড়াতেই দ্রুত আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্য দিকে, অন্নপূর্ণা যোজনা নিয়েও বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্রামীণ এলাকায় তিন কক্ষের বাড়ি থাকলেও মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পারেন। জমির মালিকানার ক্ষেত্রেও গ্রামীণ ও পৌর এলাকায় ছাড় দেওয়া হয়েছে। তবে সাতটি কর্পোরেশন এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমির মালিকানা থাকলে এই সুবিধা মিলবে না। ফলে নতুন নিয়মে গ্রামীণ এলাকার আরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার আওতায় আসতে পারেন বলেই সরকারি বার্তায় ইঙ্গিত মিলেছে।
