আলোচনা চললেও আন্দোলনে অনড় ঝাড়খণ্ডের পড়ুয়ারা
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কোঅর্ডিনেটর
রঙ নিউজ
পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন অব্যাহত। শনিবার রাঁচির স্টেট গেস্ট হাউসে রাজ্য সরকারের নিযুক্ত কমিটির সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী পড়ুয়াদের আট সদস্যের প্রতিনিধি দল। নিয়োগ পরীক্ষা বাতিল-সহ একাধিক দাবি নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হলেও মেলেনি কোনও চূড়ান্ত সমাধান।
আন্দোলনরত পড়ুয়াদের বক্তব্য শোনার পাশাপাশি তাঁদের বিভিন্ন দাবি নিয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকের পর রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমার সোনু জানান, পড়ুয়াদের সঙ্গে সরকারের আলোচনা এখানেই শেষ হচ্ছে না। আগামী দিনেও বিভিন্ন ছাত্র সংগঠন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ধারাবাহিক ভাবে বৈঠক করা হবে।
পড়ুয়া ও অন্যান্য সংশ্লিষ্টদের মতামত জানতে একটি ইমেল ঠিকানাও চালু করেছে রাজ্য সরকার। JPSSC.feedback@gmail.com-এ পড়ুয়া, সাধারণ মানুষ কিংবা সংশ্লিষ্ট যে কোনও ব্যক্তি তাঁদের পরামর্শ ও মতামত জানাতে পারবেন। মন্ত্রীর কথায়, ওই মতামত পর্যালোচনা করে শিক্ষা ও নিয়োগ ব্যবস্থায় সংস্কারের একটি নীতি তৈরির চেষ্টা হবে। তার ভিত্তিতে সকলের সঙ্গে আলোচনা করে সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছনোর উদ্যোগ নেওয়া হবে। পড়ুয়াদের উদ্বেগকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর নেতৃত্বে রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে আন্দোলন করছেন JPSC-JSSC পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, নিয়োগ পরীক্ষায় অনিয়ম হয়েছে। সেই অভিযোগে গত ২ জুলাই অনুষ্ঠিত ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (JPSC) ১৪তম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন তাঁরা। শুধু পরীক্ষা বাতিল নয়, শিক্ষা ও নিয়োগ ব্যবস্থায় বৃহত্তর সংস্কারের দাবিও রয়েছে আন্দোলনকারীদের।
এ দিনের বৈঠকের এক দিন আগে, শুক্রবার ৭ অগাস্টও আন্দোলনরত পড়ুয়াদের আরও একটি প্রতিনিধি দল সরকারের নিযুক্ত কমিটির সঙ্গে বৈঠক করেছিল। তাঁদের দাবি, সমস্যাগুলি দ্রুত মেটাতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন পড়ুয়ারা।
ফলে সরকারের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকলেও আপাতত আন্দোলনের পথ থেকে সরছেন না ঝাড়খণ্ডের পরীক্ষার্থীরা।
