এন্ডোমেট্রিয়াল ক্যান্সার দ্রুত বাড়ছে ভারতে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
মহিলাদের মধ্যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার দ্রুত হারে বাড়ছে ভারতে। জরায়ুর ভিতরের আস্তরণে বাসা বাঁধা কর্কট রোগের প্রকোপ বেশি দেখা যায় পাশ্চাত্যে। বর্তমানে ভারতে দ্রুত গতিতে বাড়ছে এই রোগ। চিকিৎসকদের মতে যা রীতিমতো আশঙ্কাজনক। চিকিৎসকরা জানাচ্ছেন, এতদিন মহিলাদের স্তন ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার বেশি দেখা যেত। এ বিষয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ চলছে। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার তুলনায় নতুন হলেও এই রোগে আক্রান্তের সংখ্যা নেহাৎ কম নয়।

স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে, বর্তমানে মহিলাদের আধুনিক জীবনযাপনে ব্যাপক পরিবর্তন ডেকে আনছে এই সমস্যা।মহিলাদের চটজলদি জাঙ্ক ফুড, ধূমপান ও মদ্যপানের মতো আধুনিক জীবনযাত্রার মতো বিষয়গুলি অন্যতম কারণ। এছাড়াও বিপাকীয় সমস্যার পাশাপাশি মারাত্মক হারে বাড়ছে স্থুলত্ব যা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। স্থুলত্বের ফলে শরীরে দীর্ঘমেয়াদি ইস্ট্রোজেন হরমোনের প্রভাব ও প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্যহীনতা ওভারিতে সিস্টের পাশাপাশি ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের। তবে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হলেও তাতে দুশ্চিন্তার কিছু নেই। দ্রুত রোগ নির্ণয় করা গেলে চিকিৎসায় যথেষ্ট ভালো ফল পাওয়া যায় বলে স্ত্রীরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন। মহিলাদের মাসিক ৠতুচক্রের দিকে যথাযথ নজর রাখার পাশাপাশি কোনোও সমস্যা মনে হলেই দ্রুত স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
