ছররা-কাণ্ডে থানায় রাহুলের ধর্না
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
দিল্লির ছাত্র আন্দোলনে ছররা গুলি ব্যবহারের অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত জাতীয় রাজনীতি। আহত ছাত্র সাহিল লোচাভকে সঙ্গে নিয়ে শুক্রবার পার্লামেন্ট স্ট্রিট থানায় পৌঁছে FIR-এর দাবিতে ধর্নায় বসলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
অভিযোগ, গত ২০ জুলাই জন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভ চলাকালীন ছররা গুলিতে আহত হন ১৯ বছরের সাহিল। তাঁর অভিযোগ, ১৪ আগস্ট আইনজীবীদের সঙ্গে নিয়ে দিল্লি পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালেও FIR হয়নি। ১৭ আগস্ট ই-মেল ও ফোনের মাধ্যমে ফের যোগাযোগ করেও অভিযোগের প্রাপ্তিস্বীকার বা তদন্তকারী আধিকারিকের তথ্য মেলেনি।
শুক্রবার প্রথমে সাহিলকে নিয়ে মন্দির মার্গ থানায় যান রাহুল। সেখান থেকে পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে DCP-র সঙ্গে কথা বলেন তিনি। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় DCP দফতরের বাইরে সাহিলকে পাশে নিয়ে ধর্নায় বসে পড়েন রাহুল। তাঁর দাবি, অভিযোগটি আমলযোগ্য অপরাধের আওতায় পড়লে FIR নথিভুক্ত করতেই হবে।
রাহুলের ধর্নার খবর পেয়ে সেখানে পৌঁছন প্রিয়ঙ্কা গান্ধী, জয়রাম রমেশ, সলমন খুরশিদ-সহ কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। থানার বাইরে শুরু হয় স্লোগান ও বিক্ষোভ।
ছররা গুলি ব্যবহারের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, তাদের অস্ত্রভাণ্ডারে প্যালেট গান নেই। অন্যদিকে, অভিযোগের তদন্ত এবং FIR দায়েরের দাবিতে অনড় কংগ্রেস।
ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা, ছররা গুলি ব্যবহারের অভিযোগ এবং FIR না হওয়া—এই তিন ইস্যুকে ঘিরেই ফের সরগরম রাজধানীর রাজনীতি।
