চাঁদের প্রথম পদচিহ্নের মানুষটি চলে গিয়েছিলেন আজকের দিনে
দেবপ্রিয়া বারিক: রঙ নিউজ : ২৫ আগস্ট
চাঁদে মানুষের ইতিহাস লিখেছিলেন, ৮২-তে থেমেছিল সেই মহাকাশযাত্রা
একটি পা, একটি মুহূর্ত—আর বদলে গেল মানবসভ্যতার ইতিহাস। সেই ঐতিহাসিক পদক্ষেপের নায়ক নীল আর্মস্ট্রং আর নেই। ২০১২ সালের ২৫ আগস্ট, ৮২ বছর বয়সে প্রয়াত হন অ্যাপোলো-১১-এর কমান্ডার এবং চাঁদের মাটিতে প্রথম পা রাখা মানুষটি। NASA-র তথ্য অনুযায়ী, হৃদ্যন্ত্রের অস্ত্রোপচারের কয়েক সপ্তাহ পর তার শারীরিক জটিলতা দেখা দিয়েছিল।

১৯৬৯ সালের ২০ জুলাই—পৃথিবী থেকে কোটি কোটি চোখ তখন তাকিয়ে চাঁদের দিকে। অ্যাপোলো-১১-এর ‘Eagle’ লুনার মডিউল থেকে নেমে আর্মস্ট্রং প্রথমবার মানুষের পা রাখেন চাঁদের ধুলোয়। সঙ্গে ছিলেন বাজ অলড্রিন; মহাকাশযানে চাঁদের কক্ষপথে ছিলেন মাইকেল কলিন্স। সেই অভিযানেই চাঁদের বুকে মানুষের প্রথম পদচিহ্ন তৈরি হয়।

তবে আর্মস্ট্রংয়ের গল্প শুধু চাঁদে পা রাখার নয়। NASA-র নথি বলছে, তিনি ছিলেন নৌবাহিনীর পাইলট, গবেষণা ও পরীক্ষামূলক বিমানচালক, মহাকাশচারী এবং পরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ১৯৬৬ সালে Gemini 8 মিশনে তিনি ও ডেভিড স্কট মহাকাশে দুটি যানকে সফলভাবে পরস্পরের সঙ্গে যুক্ত করার প্রথম নজিরও তৈরি করেন ।

চাঁদ থেকে ফিরে খ্যাতির আলোয় হারিয়ে যাননি আর্মস্ট্রং। NASA ছাড়ার পর তিনি প্রকৌশল (Engineering) পড়িয়েছেন এবং মহাকাশ ও বিমান প্রযুক্তি নিয়ে কাজ করে গেছেন। কিন্তু ইতিহাসে তার পরিচয় একটিই—মানুষের হয়ে চাঁদের মাটিতে প্রথম পদচিহ্ন আঁকা মানুষ।
একটি ছোট পদক্ষেপ থেমে গেল ২০১২-তে; কিন্তু সেই পদচিহ্ন আজও চাঁদের ইতিহাসে অমলিন।

