থাবা বসাচ্ছে এল নিনো

থাবা বসাচ্ছে এল নিনো

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

থাবা বসাচ্ছে এল নিনো। বস্তুত এল নিনোর চোখ রাঙানিতে স্বাভাবিক জনজীবন রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ছে বিশ্ব জুড়ে। ছাড় পাচ্ছে না ভারত। স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের পাশাপাশি আগামী কয়েক মাস প্রচন্ড গরমে ভুগতে চলেছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। তেমনই পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, জুন মাস থেকেই শুরু হয়ে গিয়েছে এল নিনোর প্রভাব। চলতি জুলাই থেকে অগস্টে তা চরমে পৌঁছাবে বলে সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে তীব্র গরমে ভুগতে হবে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশকেই।

 

বিশ্ব আবহাওয়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, এল নিনো প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির একটি প্রাকৃতিক ও পর্যায়ক্রমিক জলবায়ু প্রক্রিয়া। এল নিনোর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে নিরক্ষরেখা বরাবর বয়ে যাওয়া জলকে ঠান্ডা রাখা আয়ন বায়ু উল্টো দিকে বইতে শুরু করে। ফলে নিরক্ষীয় অঞ্চলের পূর্ব ও মধ্য প্রশান্ত মহাসাগরীয় জলের তাপমাত্রা অস্বাভাবিক গরম হয়ে ওঠে ও বিশ্ব জুড়ে কম বৃষ্টিপাত, বিশ্ব উষ্ণায়ন সহ তাপমাত্রার চরম বৃদ্ধি ও খরা দেখা যায়। এল নিনোর প্রভাবে ইতিমধ্যেই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি সহ প্রায় গোটা ইউরোপ জুড়ে ব্যাপক পরিবর্তন হয়েছে আবহাওয়ার। ফ্রান্স, জার্মানি, ইতালি, হাঙ্গেরি, ইংল্যান্ড, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ডে প্রবল গরমে রীতিমতো অসুস্থ হয়ে কার্যত দিশাহারা সাধারণ মানুষ। জনজীবন বিপর্যস্ত। ফ্রান্সে গরমের বলি হয়েছেন সহস্রাধিক। বিশ্ব আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে, এল নিনোর প্রভাবে ওমেগা ব্লক নামে দীর্ঘকালীন উচ্চচাপ বলয় অবস্থান করছে ইউরোপ জুড়ে। এর ফলে একাধিক দেশে সর্বোচ্চ ৪০ ডিগ্রি পার করে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড সৃষ্টি করে কার্যত পুড়ছে ইউরোপ।

 

এ বিষয়ে ভারতের সেন্টার ফর সায়েন্সের পক্ষ থেকে সুনীতা নারায়ণ জানান, এল নিনোর প্রভাবে দেখা দিচ্ছে ইন্ডিয়ান ওশান ডাইপোল। ফলে শতকরা ৮২ শতাংশ সম্ভাবনা যে জুন থেকে অগস্টে ভারতে প্রবলভাবে থাবা বসাতে পারে এল নিনো। ভারত মহাসাগরে উল্টো পথে বয়ে চলা আয়ন বায়ু পশ্চিমে আফ্রিকার দিকে কিছুটা ঠান্ডা করার পাশাপাশি ক্রমশই তাপমাত্রা বাড়াচ্ছে পূর্বে ভারত, ইন্দোনেশিয়া হয়ে অস্ট্রেলিয়ায় যার ফলে খাতায় কলমে বর্ষাকাল হলেও দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে মৌসুমী বায়ু এবং প্রবল জ্বালা পোড়া গরমে ভুগছে পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলের রাজ্যগুলি। তাঁর কথায়, কার্যত তছনছ হয়ে যেতে বসেছে ভারতের বর্ষা। এর ফলে দেশের কৃষিকাজ মার খাবে। দেখা দিতে পারে ভয়াবহ খাদ্য সংকট। তবে বর্ষার শেষে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে আশার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর।

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা