*নভেম্বরে নাও ক্রেডিট হতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা: কারা পাবেন না জেনে নিন*
নবনীতা পাল: রঙ নিউজ
অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে সবে পাঁচ মাস। তবে এর মধ্যেই রাজ্যের দেড় কোটির বেশি মহিলার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে গিয়েছে। তবে এবার শোনা যাচ্ছে, এতদিন এই প্রকল্পের টাকা পেয়ে থাকলেও নভেম্বর থেকে অনেকের ৩ হাজার টাকা বন্ধ হতে পারে। কাদের সুবিধা বন্ধ হতে পারে, কেন বন্ধ হতে পারে, সেই নিয়ে সামনে এসেছে বড় আপডেট।
রাজ্য সরকার বারবার জানিয়েছে, কোনও অযোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনা পাবেন না। শুধুমাত্র যোগ্য মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। সেই অনুযায়ী রাজ্যের তরফে ফের ঝাড়াই-বাছাই শুরু হয়েছে বলে খবর। সেক্ষেত্রে সরকারি ভেরিফিকেশনে যারা অযোগ্য বলে প্রমাণিত হবেন, তাঁদের প্রকল্পের সুবিধা বন্ধ হতে পারে।
জানা গিয়েছে, মূলত চারটি কারণে নভেম্বর থেকে অন্নপূর্ণা যোজনা নাও পেতে পারেন বহু মহিলা। এর মধ্যে অন্যতম অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া। রাজ্যের তরফে আগেই জানানো হয়েছে, অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেলে অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে না। সেক্ষেত্রে যেসব মহিলা অন্য ভাতা পান, তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।
পাশাপাশি সরকারি বা আধাসরকারি স্থায়ী চাকরিজীবী হলেও অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য নন। একইরকমভাবে পেনশনভোগীরাও আগামী মাস থেকে টাকা নাও পেতে পারেন।
এছাড়া যে সব মহিলার পারিবারিক বার্ষিক আয় ১২ লক্ষ বা তার বেশী তারাও এই যোজনার সুযোগ থেকে বঞ্চিত হবেন। এছাড়াও ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক না থাকা অকাউন্ট গুলিও খতিয়ে দেখা হচ্ছে। ডিবিটি লিঙ্ক না থাকলে ঢুকবে না অন্নপূর্ণার টাকা।
ইতিমধ্যেই ঝাড়াই বাছাই শুরু হয়ে গেছে। ব্যাপক কড়াকড়ি শুরু করেছে রাজ্য সরকার। সরকারি ভেরিফিকেশনে অযোগ্য প্রমাণিত হলে মিলবে না যোজনার টাকা।
