নেপালে ভয়াবহ হড়পা বানে আটকে টলিউডের দুই অভিনেতা, উদ্বেগে অনুরাগীরা

নেপালে ভয়াবহ হড়পা বানে আটকে টলিউডের দুই অভিনেতা, উদ্বেগে অনুরাগীরা

 

শাশ্বতী মোদক: রঙ নিউজ

 

প্রকৃতির কাছে বোধহয় শেষ পর্যন্ত সকলকেই হার মানতে হয়। তার কোনও বাছবিচার নেই—প্রতিকূল পরিস্থিতিতে বিপদে পড়তে পারেন যে কেউ। এমনই এক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নেপালে আটকে পড়েছেন টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত।

 

নেপালে নতুন ছবির শুটিংয়ের কাজে গিয়ে প্রতিকূল আবহাওয়া ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপালের চিন সীমান্ত লাগোয়া রাসুয়া জেলায় হড়পা বানের দাপটে বিস্তীর্ণ এলাকা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আটকে পড়েছেন বহু পর্যটকও।

 

এই দুর্যোগের মধ্যেই শুটিংয়ের কাজে গিয়ে সেখানে আটকে পড়তে বাধ্য হয়েছেন খরাজ। একইভাবে শুটিংয়ের কাজে নেপালে গিয়ে আটকে পড়েছেন টলিউডের আরও এক পরিচিত মুখ রজতাভ দত্ত।

 

দুই অভিনেতার সঙ্গেই ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে তাঁদের পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে।

 

নেপালের দুর্গম এলাকায় হড়পা বানের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে থাকা দুই অভিনেতার নিরাপত্তা নিয়ে এখন সকলেই চিন্তিত। দ্রুত তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং নিরাপদে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *