৬০ পেরোলেই জরুরি ৪ টিকা 

৬০ পেরোলেই জরুরি ৪ টিকা

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

বয়স যদি ৬০ বছরের বেশি হয় তবে সুস্থ থাকতে নিতেই হবে অত্যাবশ্যকীয় ৪টি টিকা। কেন্দ্রীয় সরকারের আইসিএমআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের গবেষকদের গবেষণায় উঠে এসেছে এমনই জরুরি তথ্য। গবেষকরা জানিয়েছেন, বর্তমানে সারা বছর ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাক্টিরিয়া ঘটিত রোগ সংক্রমণের বাড়বাড়ন্ত দেখা যায়। প্রধানত শিশু ও বয়স্করা সংক্রামিত হয় বেশি। ফলে রোগ ঠেকাতে অত্যন্ত জরুরি ৪টি টিকা। টিকাকরণের তালিকাভুক্ত ৪টি টিকা হলো- ইনফ্লুয়েঞ্জা টিকা, নিউমোকক্কাল টিকা, টি ড্যাপ টিকা ও কোভিড 19 টিকা।

চিকিৎসকদের মতে, ৬০ বছর পার হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। এর সঙ্গে যদি ডায়াবেটিস, সিওপিডি বা ফুসফুসের দীর্ঘ মেয়াদি রোগ, হৃদযন্ত্রের সমস্যার মতো কোমর্বিডিটি থাকে তবে শরীরে খুব দ্রুতগতিতে সংক্রমণ ছড়িয়ে পড়ে রোগীকে কাবু করে ফেলতে পারে। ফলে বয়স্কদের হাসপাতালে ভর্তির সংখ্যা নেহাৎ কম নয়। এই পরিপ্রেক্ষিতে আইসিএমআরের নির্দেশিকা অনুযায়ী চিকিৎসকরা জানিয়েছেন, বছরে একবার ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে হবে যা ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়া ঠেকাতে সক্ষম। এছাড়া প্রতি ৫ বছরে একবার নিউমোকক্কাল টিকা নিউমোনিয়া, মস্তিষ্কে মেনিনজাইটিস সহ আরও ২৩টি সংক্রমণের বিরুদ্ধে লড়াই জারি রাখতে সক্ষম। এর পাশাপাশি টি ড্যাপ টিকা যা কিনা ডিপথেরিয়া, পার্টুসিস বা প্রচন্ড কষ্টকর হুপিং কাশি ও টিটেনাসকে ঠেকাতে পারে। অন্যদিকে চতুর্থ টিকাটি যা কিনা ভাইরাসের নিত্যনতুন ভ্যারিয়েন্টকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে তা হলো কোভিড 19র বুস্টার ডোজ্। চিকিৎসকরা আরও জানিয়েছেন, এই টিকাগুলি নিলেই যে উল্লিখিত রোগগুলি হবে না এমন নয়। বরং রোগের বিরুদ্ধে লড়াই করার অন্যতম হাতিয়ার হতে পারে এই ৪টি টিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *