শিক্ষিকার চড়ের পর ছ’বছরের পড়ুয়ার মৃত্যু, CCTV ঘিরে চাঞ্চল্য
শাশ্বতী মোদক, রঙ নিউজ
শিক্ষিকার বকুনি ও চড়ের পর অচেতন হয়ে ছ’বছরের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশাখাপত্তনমে। মৃত শিশুর নাম প্রণয় তেজ। পরিবারের অভিযোগ, বাড়ির কাজ অসম্পূর্ণ রাখার কারণে তাকে শাসন ও মারধর করা হয়েছিল।
ঘটনার একটি CCTV ফুটেজও প্রকাশ্যে এসেছে। সেখানে প্রণয়কে শিক্ষিকার সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায়। অভিযোগ, এক পর্যায়ে শিক্ষিকা তার পোশাক ধরে টানেন এবং তাকে চড় মারেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই শিশুটিকে শিক্ষিকার কোলে ঢলে পড়তে দেখা যায়।
শিশুটি অচেতন হয়ে পড়ার পর স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। পরিবারের দাবি, প্রণয়কে কিং জর্জ হাসপাতালে (KGH) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সন্তান হারিয়ে শোকস্তব্ধ পরিবার ও আত্মীয়রা পরে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান।
CCTV ফুটেজ সামনে আসার পর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, শ্রেণিকক্ষে ঠিক কী ঘটেছিল এবং শিশুটির মৃত্যুর সঙ্গে শারীরিক শাস্তির কোনও যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
ঘটনার খবর পেয়ে পুলিশ স্কুলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনায় দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকরা।
এই মর্মান্তিক ঘটনা ফের স্কুলে শারীরিক শাস্তি, শিশুদের নিরাপত্তা এবং শিক্ষকদের দায়িত্ববোধ নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।
